Lok Sabha Election 2024: বিরোধীদের হারাতে পরিকল্পনা শাহের! নেতা-কর্মীদের টার্গেট ফিক্স করে দিলেন 'হোম'টাস্ক
Lok Sabha Election 2024: টানা তৃতীয়বারের জন্য বিজেপির মসনদে ফেরার লড়াই। নেতৃত্বে নরেন্দ্র মোদী। একাই ক্ষমতায় ফেরার পরিকল্পনা বিজেপির। সেই পরিকল্পনায় বড় ভূমিকা রয়েছে প্রাক্তন সভাপতি অমিত শাহের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেই পরিকল্পনার কথাই নেতা কর্মীদের মনের ভিতর ঢুকিয়ে দিতে চাইলেন।
দলের সদর দফতরে জাতীয় পদাধিকারীদের নিয়ে সভা সদ্য শেষ হয়েছে। সেখানেই অমিত শাহ বুথ পরিচালনায় দলের কর্মীদের আরও বেশি করে মনোনিবেশ করতে বলেছেন। তা হলেই আরও বড় ব্যধানে জয় আসবে বলেও মন্তব্য করেছেন তিনি।

অমিত শাহ এব্যাপারে টার্গেট ফিক্স করে দিয়েছেন। তিনি বলেছেন , ২০১৯ সালের সাধারণ নির্বাচনের তুলনায় ২০২৪-এর সাধারণ নির্বাচনে ভোট শেয়ার বাড়াতে হবে ১০ শতাংশের বেশি। বিজেপির সব রাজ্য সভাপতি, সাধারণ সম্পাদক এবং জাতীয় পদাধিকারীরা এই সভায় হাজির ছিলেন। তাঁরা ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রার্থী বাছাই থেকে শুরু করে ভোটের কৌশল নিয়ে মত বিনিময় করেছেন বলে জানা গিয়েছে।
বিজেপির বৈঠক শেষ হওয়ার পরে অমিত শাহ তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্টে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্যারিশম্যাটিক নেতৃত্বে তিনটি রাজ্যে বড় জয় পেয়েছে দল। অমিত শাহ বলেছেন, এই জয় প্রমাণ করে দিয়েছে, দেশের প্রতিটি অঞ্চলের মানুষের বিশ্বাস রয়েছে মোদীর প্রতি।
অমিত শাহ আরও বলেছেন, বিজেপির আদর্শ ও সরকারের ঐতিহাসিক কাজ দেশের প্রতিটি ঘরে নিয়ে যেতে হবে এবং ২০২৪-এ অভূতপূর্ব সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে মোদীজিকে আবার প্রধানমন্ত্রী করতে হবে। সূত্রের খবর, অমিত শাহ বলেছেন, দেশের জনগণের মনোভাব ইতিবাচক। গত ১০ বছরে সরকার যেভাবে প্রতিশ্রুতি পূরণ করেছে তাতে জনগণ খুশি।
সূত্রের খবর অনুযায়ী তিনি বলেছেন, দলের উচিত নরেন্দ্র মোদীর জনপ্রিয়তাকে পুঁজি করা। নরেন্দ্র মোদীকে দেশের সব থেকে জনপ্রিয় প্রধানমন্ত্রী বলেও বর্ণনা করেছেন তিনি। অমিত শাহ রাজ্য নেতাদের বলেছেন, বুথ পরিচালনায় নজর দিতে হবে। দেরি না করে এব্যাপারে দলের ক্যাডারদের দায়িত্ব দিতে হবে।
সূত্রের আরও খবর, অমিত শাহ বুথ ম্যানেজমেন্ট এবং পান্না প্রধান সিস্টেমের কার্যকারিতা নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। গত বিধানসভা ভোটের সময় তিনি দলের কর্মীদের ৫০ শতাংশ ভোট বিজেপির দিকে আনার কথা বলেছিলেন। এবার আরও ১০ শতাংশ ভোট বিজেপির দিকে আনার কথা বলেছেন। প্রসঙ্গত গত ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপির ভোটের ভাগ ছিল ৩৭.৪ শতাংশ।
অমিতশ শাহ তাঁর পরামর্শে বলেছেন, মোদী সরকারের গত নয় বছরের বেশি সময়ের কল্যাণমূলক ও উন্নয়ন প্রকল্পগুলি নিয়ে ভোটারদের কাছে পৌঁছতে হবে। আলোচনায় স্থান পেয়েছিল রামমন্দিরের কথাও। আগামী বছরের ২২ জানুয়ারি অযোধ্যা রামমন্দিরের উদ্বোধন। রামমন্দির তৈরির বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিও যে পূরণ হতে চলেছে, তা নিয়ে প্রচার পুস্তিকে বের করতে পারে গেরুয়া শিবির।












Click it and Unblock the Notifications