Lok Sabha Election 2024: দুই রাজ্যে ইন্ডিয়া ব্লকে ধাক্কা! JDU-এর পরে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা APP-এর
Lok Sabha Election 2024: রবিবার থেকে আসন ভাগ নিয়ে ইন্ডিয়া ব্লকের শরিকদের সঙ্গে বৈঠক শুরু করেছে কংগ্রেস। তারই মধ্যে অবশ্য ইন্ডিয়া ব্লককে ধাক্কা দিয়েছে আপ। এই ধাক্কা অবশ্য নতুন কিছু নয়, ইন্ডিয়া ব্লকের দলগুলির সঙ্গে আলোচনায় বসার আগেই একটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছিল জেডিইউ। এই আসনগুলিতে একটা সময়ে কংগ্রেসের আধিপত্য ছিল।
এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল লোকসভা নির্বাচনের জন্য গুজরাতের ভারুচ আসন থেকে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে কেজরিওয়াল বলেছেন, আম আদমি পার্টির বিধায়ক চৈত্র ভাসাভা ভারুচ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এমন একটা সময়ে কেজরিওয়াল এই ঘোষণা করলেন, যে সময় ইন্ডিয়া ব্লকের আসন বন্টন নিয়ে আলোচনা শুরু করেছে কংগ্রেস।

এদিন নেত্রংয়ে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, তিনি আজ ঘোষণা করছেন, আম আদমি পার্টির চৈত্র ভাসাভা ভারুচ আসন থেকে লোকসভা নির্বাচনে লড়াই করবেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, গুজরাতের ভেদিয়াপাড়ার আপ বিধায়ক চৈত্র ভাসাভা বনবিভাগের একটি মামলায় এখন জেলে রয়েছেন।
বিজেপিকে নিশানা করে কেজরিওয়াল বলেছেন, বিধায়কের স্ত্রীকেও গ্রেফতার করা হয়েছিল। তিনি বলেছেন, চৈত্র ভাসাভাকে বেশিক্ষণ খাঁচায় আটকে রাখা যাবে না। তা করা হলে তিনি বিজেপির জন্য অভিশাপ হয়ে উঠবেন।
তিনি আরও বলেছেন, বিজেপি আদিবাসী সম্প্রদায়ের নেতা চৈত্র ভাসাভাকে গ্রেফতার করেছে। ওই নেতাকে তিনি নিজের ভাইয়ের মতো বলে বর্ণনা করেন। কেজরিওয়াল বলেন, সব থেকে দুঃখের হল তাঁর স্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে। শকুন্তলা বেন চৈত্র ভাসাভার স্ত্রী। তিনি সমাজের পুত্রবধূ। এই অবস্থা গোটা আদিবাসী সমাজের জন্য অপমানজনক বলেও মন্তব্য করেন তিনি।
চৈত্র ভাসাভাকে আদিবাসী সমাজের উঠতি নেতা বলে বর্ণনা করে অরবিন্দ কেজরিওয়াল বলেন, বিজেপি আদিবাসী সমাজের বিরুদ্ধে। ত্রিশ বছর ধরে রাজ্য শাসন করে বিজেপি গ্রামে কী করেছে, সেই প্রশ্ন এদিন করেছেন অরবিন্দ কেজরিওয়াল।
অন্যদিকে নীতীশ কুমারের জেডিইউ প্রথম ইন্ডিয়া ব্লকের মধ্যে থেকেই কোনও আসনের প্রার্থীর নাম ঘোষণা করে। তারা অরুণাচল প্রদেশের পশ্চিম লোকসভা আসন থেকে দলের রাজ্য সভাপতি রুচি টাঙ্গুনকে টিকিট দেওয়ার কথা ঘোষণা করে। প্রাথমিক খবর অনুযায়ী, কংগ্রেস অরুণাচল প্রদেশের সবকটি আসন থেকেই তাদের প্রার্থী দাঁড় করাতে চায়।












Click it and Unblock the Notifications