Lok Sabha Election 2024: মোদীকে কতটা চ্যালেঞ্জ দিতে পারবেন রাহুল? এবিপি-সি ভোটারের জনমত সমীক্ষা কী বলছে?
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর মুখ কে হবেন তা এখনও চূড়ান্ত হয়নি। ফলে অনেকটাই এগিয়ে রয়েছেন নরেন্দ্র মোদী।
বিরোধী জোটের মুখ কে হবেন তা নিয়ে নানা নাম ভেসে আসছে। এরই মধ্যে বিভিন্ন রাজ্যে এবিপি-সি ভোটের জনমত সমীক্ষা চালিয়েছে। তাতেও ফেভারিট নরেন্দ্র মোদীই।

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে সেমিফাইনাল হিসেবে চিহ্নিত করা হয়েছিল। বিজেপি এগিয়ে গিয়েছে ৩-২ ব্যবধানে। কংগ্রেসের ঝুলিতে এসেছে শুধু তেলেঙ্গানা। বিজেপি কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছে রাজস্থান। দখলে রেখেছে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়।
বিজেপি পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফল বেরনোর পর এই সাফল্যের জন্য মোদী ম্যাজিককেই ফ্যাক্টর হিসেবে চিহ্নিত করেছে। লোকসভা নির্বাচনেও বিজেপির বড় ভরসা মোদী-ঝড়। অন্যদিকে, ইন্ডিয়া জোটের চারটি বৈঠক হয়ে গেলেও প্রধানমন্ত্রী পদপ্রার্থীই ঠিক হয়নি।
তৃণমূল কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করার পক্ষে সওয়াল করা হলেও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো নিজে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করতে চাইছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালেরও তাতে আপত্তি নেই।
যদিও এবিপি-সিভোটার সমীক্ষা চালাতে গিয়ে মোদীর পাশে রাহুলের নাম রেখে জানতে চেয়েছিল প্রধানমন্ত্রী হিসেবে কাকে পছন্দ করছেন ভোটাররা? ৫৯ শতাংশ মোদীকেই ফের প্রধানমন্ত্রী হিসেবে চাঅছেন। রাহুল গান্ধীকে চাইছেন ৩২ শতাংশ। এই দুজনের কাউকেই পছন্দ নয় ৪ শতাংশ ভোটারের। ৫ শতাংশ এ বিষয়ে মতামত স্পষ্ট করেননি।
মোদীকে ছত্তিশগড়ে ৬৭ শতাংশ, কর্নাটকে ৬৫ শতাংশ, মধ্যপ্রদেশে ৬৬ শতাংশ, রাজস্থানে ৬৫ শতাংশ, তেলেঙ্গানায় ৫০ শতাংশ, বিহারে ৬৬ শতাংশ, মহারাষ্ট্রে ৫৫ শতাংশ, পাঞ্জাবে ৩৫ শতাংশ, পশ্চিমবঙ্গে ৬০ শতাংশ ও উত্তরপ্রদেশে ৬০ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন।
পাঞ্জাবেই একমাত্র জনপ্রিয়তায় মোদীকে পিছনে ফেলেছেন রাহুল। পাঞ্জাবে মোদীকে চাইছেন ৩৫ শতাংশ, রাহুলকে ৩৬ শতাংশ, কাউকেই পছন্দ নয় ১৪ শতাংশ ভোটার, এখনও সিদ্ধান্ত নিতে পারেননি ১৫ শতাংশ ভোটার।
ছত্তিশগড়ে ২৯ শতাংশ, কর্নাটকে ২৬ শতাংশ, মধ্যপ্রদেশে ২৮ শতাংশ, রাজস্থানে ৩২ শতাংশ, তেলেঙ্গানায় ৪০ শতাংশ, বিহারে ২৬ শতাংশ, মহারাষ্ট্রে ৩০ শতাংশ, পশ্চিমবঙ্গে ৩৫ শতাংশ ও উত্তরপ্রদেশে ৩০ শতাংশ ভোটার রাহুলকে চাইছেন। মোদী ও রাহুলের মধ্যে কাউকেই পছন্দ নয় ছত্তিশগড়ে ১, কর্নাটকে ২, মধ্যপ্রদেশে ৩, রাজস্থানে ২, তেলেঙ্গানায় ২, বিহারে ৬, মহারাষ্ট্রে ৬, পাঞ্জাবে ১৪, পশ্চিমবঙ্গে ২ ও উত্তরপ্রদেশে ৮ শতাংশ ভোটারের।












Click it and Unblock the Notifications