Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনে বাড়ল ভোটারের সংখ্যা, অর্ধেকের কাছাকাছি মহিলা
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা কবে হবে তা স্পষ্ট নয়। কত দফায় ভোট হবে, সেটা নিয়েও চলছে জল্পনা। এরই মধ্যে জানা গেল নির্বাচন সংক্রান্ত বড় তথ্য।
কত সংখ্যক ভোটার এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন, তার মধ্যে কতজন মহিলা থাকবেন, কতগুলি বুথ দরকার হবে, নির্বাচন কমিশনের একটি চিঠি থেকেই সেই তথ্য জানা গিয়েছে বলে দাবি সংবাদসংস্থা পিটিআইয়ের।

এবারের লোকসভা ভোটে ৯৬ কোটির বেশি মানুষ ভোট দেওয়ার অধিকারী বলে জানা যাচ্ছে। এর মধ্যে ৪৭ কোটি মহিলা ভোটার রয়েছেন। ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১২ লক্ষের বেশি বুথ লাগবে দেশজুড়ে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১৮ থেকে ১৯ বছরের মধ্যে ভোটারের সংখ্যা ১.৭৩ কোটির বেশি।
ভোটপর্ব পরিচালনার জন্য দেড় কোটি ভোটকর্মীর প্রয়োজন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এবার অষ্টাদশ লোকসভা নির্বাচন হতে চলেছে। ১৯৫১ সালে ভারতে নথিভুক্ত ভোটারের সংখ্যা ছিল ১৭.৩২ কোটি। যা ১৯৫৭ সালের লোকসভা ভোটে বেড়ে হয়েছিল ১৯.৩৭ কোটি।
২০১৯ সালের লোকসভা নির্বাচনের তুলনায় এবার ভোটারের সংখ্যা অনেকটাই বাড়ছে। বিগত লোকসভা নির্বাচনে নথিভুক্ত ভোটারের সংখ্যা ছিল ৯১.২০ কোটি। বিশেষভাবে চাহিদাসম্পন্ন ভোটারের সংখ্যা ১৮ লক্ষের বেশি বলে জানা যাচ্ছে। দেশের প্রথম লোকসভা নির্বাচনে ভোট পড়েছিল ৪৫ শতাংশ। গত লোকসভা নির্বাচনে সেই পরিমাণ ছিল ৬৭ শতাংশ।












Click it and Unblock the Notifications