মহারাষ্ট্রে ফের বিজেপি-শিবসেনা রাজ, মুছে সাফ কংগ্রেস
দেশের অন্যতম বৃহৎ এই পশ্চিমের রাজ্যে গতবারের মতোই ৪১টি আসনে জিততে চলেছে বিজেপি ও শিবসেনা জোট।
বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবারও কেন্দ্রে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। প্রায় মিলে গেছে সব এক্সিট পোলেরই সমীক্ষা। যেমনটা ভাবা হয়েছিল, ঠিক তেমনটাই ঘটছে মহারাষ্ট্রেও। লোকসভা ভোটের ফলের ট্রেন্ড বলছে, দেশের অন্যতম বৃহৎ এই পশ্চিমের রাজ্যে গতবারের মতোই ৪১টি আসনে জিততে চলেছে বিজেপি ও শিবসেনা জোট। কংগ্রেস ও শরদ পাওয়ারের এনসিপি নিজেদের ভরাডুবি ঠেকাতে পারল না এবারও।

মহারাষ্ট্রের ৪১টির মধ্যে ২৩টি লোকসভা আসনে একক ভাবে জয় প্রায় নিশ্চিত করে ফেলেছে বিজেপি। অতি চর্চিত উত্তর মুম্বই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী প্রাক্তন অভিনেত্রী উর্মিলা মাতোন্ডকরকে হারাতে চলেছেন বিজেপির গোপাল শেট্টি। উত্তর-মধ্য মুম্বই কেন্দ্রে সহজ জয় পেতে চলেছেন পুনম মহাজন। নাগপুর কেন্দ্র থেকে এবারও বড় ব্যবধানে জিততে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি। উল্লেখ্য, গতবারও মহারাষ্ট্রে ২৩ আসনই জিতেছিল বিজেপি।
গতবারের মতো এবারও মহারাষ্ট্রে ১৮টি আসন জিতেতে চলেছে শিবসেনা। গত বার যে যে আসনে জয় লাভ করেছিল উদ্ধব ঠাকরের দল, এবারও ঠিক সেই সেই আসনই কব্জায় রেখেছে তারা। তা থেকে একটা বিষয়ই প্রমাণ হয়, কংগ্রেসের এক সময়ের শক্ত ঘাঁটি মহারাষ্ট্রে, নিজেদের জমি পুরোপুরি খুইয়েছেন রাহুল গান্ধীরা। পশ্চিমের এই রাজ্যে মাত্র একটি আসনই জিততে পেরেছে কংগ্রেস।
লোকসভা ভোটের আগেই দ্বন্দ্ব ভুলে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিল শিবসেনা। আর সেই সিদ্ধান্তই এনডিএ-র জন্য মাস্টারস্ট্রোকের কাজ করেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষরজ্ঞরা।












Click it and Unblock the Notifications