সবচেয়ে বেশি আলোচিত হিসাবে কলিনস অভিধানে বর্ষসেরা শব্দ ‘লকডাউন’
সবচেয়ে বেশি আলোচিত হিসাবে কলিনস অভিধানে বর্ষসেরা শব্দ ‘লকডাউন’
করোনা ভাইরাসের সংক্রমণ বিশ্বে শুরু হওয়ার পর থেকে অনেক নতুন নতুন শব্দ শেখা গিয়েছে। তার মধ্যে যদি কোনও শব্দ থাকে যা এ বছর প্রচুর সম্মান পেয়েছে তা হল 'লকডাউন’। আর কলিনস ডিকশনারি এ বছর সবচেয়ে আলোচিত শব্দ হিসাবে বেছে নিয়েছে এই 'লকডাউন’কে। করোনা ভাইরাসের সংক্রমণের সময় নাটকীয়ভাবে শব্দটির ব্যবহার বেড়ে যাওয়ায় ইংরাজি ভাষার অভিধান কলিনসের 'ওয়ার্ড অফ দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছে 'লকডাউন’।

কলিনসে লকডাউনের অর্থ
কলিনস এই লকডাউন শব্দটিকে ভ্রমণ, সামাজিক মিথস্ক্রিয়া এবং প্রকাশ্য জায়গায় সাধারণের অবাধ যাতায়াতের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ হিসাবে সজ্ঞায়িত করেছে।

লকডাউন শব্দের বৃদ্ধি বেড়েছে ৬ হাজার শতাংশ
কলিনস এও জানিয়েছে যে এই শব্দটির ব্যবহার যথেষ্ট বৃদ্ধি পেয়েছে এবং ৬ হাজার শতাংশ এই শব্দের বৃদ্ধি নথিবদ্ধ হয়েছে। গত বছর এই লকডাউন শব্দের ব্যবহার ৪ হাজার বার ব্যবহার হয়েছে বলে রেকর্ড করা আছে। ২০২০ সালে এই শব্দের ব্যবহার লক্ষাধিক বার বেড়েছে বলে জানা যাচ্ছে।

সাধারণ মানুষকে প্রতিনিধিত্ব করছে লকডাউন
কলিনসের ভাষা পরামর্শক হেলেন নিউজস্টিড বলেছেন, ‘২০২০ সাল জুড়ে বৈশ্বিক করোনা ভাইরাস মহামারির আধিপত্য ছিল। লকডাউন আমাদের কাজ, অধ্যয়ন, কেনাকাটা এবং সামাজিকীকরণের ওপর প্রভাব ফেলেছে।' তিনি বলেন, বিশ্বের অনেক দেশ দ্বিতীয় লকডাউনে প্রবেশ করেছে। এই শব্দটি উদযাপনের মতো কিছুই নয়। কলিনস ডিকশনারির প্রকাশক হার্পার কলিনস জানান, বিশ্বজুড়ে করোনার বিস্তার সম্মিলিতভাবে ভূমিকা রাখা কোটি কোটি মানুষের সামগ্রিক অভিজ্ঞতার প্রতিনিধিত্ব করছে লকডাউন এই শব্দটি। চলতি বছরে বিশ্বজুড়ে আড়াই লক্ষের বেশিবার ‘লকডাউন' শব্দটি ব্যবহার করা হয়েছে।

করোনা ভাইরাসের সমার্থক শব্দ লকডাউন
ইংরাজি ভাষার এই অভিধান কর্তৃপক্ষ বলছে, করোনা ভাইরাস মহামারির লাগাম টানতে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকারের নেওয়া পদক্ষেপের মুখোমুখি হওয়া কোটি কোটি মানুষের অভিজ্ঞতার সমার্থক শব্দ হয়ে উঠেছে ‘লকডাউন'।












Click it and Unblock the Notifications