CAA যোগ্যতা নির্ধারণ! স্থানীয় পুরোহিতের বড় ভূমিকা, উল্লেখ সরকারি হেল্পলাইনে
নির্বাচনের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব সংশোধনী আইনের নিয়মগুলি নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। দ্য হিন্দুতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রকের সিএএ হেল্পলাইনে বলা হয়েছে, স্থানীয় পুরোহিতরা সিএএ নিয়ে আবেদনকারীর ধর্মের বৈধতা দিতে যোগ্যতা শংসাপত্র দিতে পারবেন।
সিএএ-এর বাধ্যতামূলক নথি হল শংসাপত্র. অন্য নথির সঙ্গে এটিও আবেদনকারীকে সিএএ পোর্টালে আপলোড করতে হবে। সেখানে আবেদনকারী কেন ভারতীয় নাগরিকত্ব পেতে চায় সেই কারণও উল্লেখ করতে হবে। উল্লেখ করা প্রয়োজন, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের ছটি সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা ২০১৪-র ৩১ ডিসেম্বরের আগে ভারতে এসে থাকলে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।

সরকারের তরফে বলা হয়েছে, সংশোধিত নাগরিকত্ব আইনের লক্ষ্য হল, উল্লিখিত তিনটি দেশের সংখ্যালঘুদের যথাযথ পুনর্বাসন নিশ্চিত করা, যাঁরা ওই তিন দেশে বছরের পর বছর ধরে নিপীড়নের সম্মুৎীন হয়েছে।
- হেল্পলাইন নম্বর
এখানে উল্লেখ করা প্রয়োজন, স্বরাষ্ট্রমন্ত্রক গত ২১ মার্চ সিএএ সংক্রান্ত সহায়তা ও তথ্য দিতে হেল্পলাইন নম্বর ১০৩২ চালু করেছে। আবেদনকারীরা সকাল আটটা থেকে রাত আটটার মধ্যে দেশের যে কোনও স্থান থেকে টোল ফ্রি কল করতে পারবেন।
- সাদা কাগজ বা স্ট্যাম্প পেপারে আবেদন
দ্য হিন্দুতে প্রকাশিত প্রতিবেদন অনুসারে ২৬ মার্চ হেল্পলাইনে যোগাযোগ করা হলে, অপর প্রান্ত থেকে বলা হয়েছে, একটি সাদা কাগজে কিংবা ১০ টাকার স্ট্যাম্প পেপারে আবেদন করতে হবে। শংসাপত্র কে দেবেন, সেই প্রশ্নের উত্তরে জানানো হয়েছে স্থানীয় পুরোহিত তা দিতে পারবেন। বিধিগুলি জারি করার সময় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে শংসাপত্র কে দিতে পারবেন, সে ব্যাপারে কিছু বলা হয়নি।
তবে দ্য হিন্দুর তরফে সূত্রের উল্লেখ করে বলা হয়েছে, সাধারণ মানুষের আস্থা রয়েছে এমন কোনও প্রতিষ্ঠান এব্যাপারে শংসাপত্র দিতে পারে। তবে নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ক্ষমতাপ্রাপ্ত কমিটি।












Click it and Unblock the Notifications