জাল আধার, ভোটার কার্ড বানিয়ে ভারতেই বসবাস, কর্ণাটকে পাকড়াও ছয় বাংলাদেশি
আসল পরিচয় গোপন রেখে বসবাস করা হচ্ছিল। এদেশের জাল পরিচয়পত্রও বানিয়ে নিয়েছিল তারা। পুলিশের জালে অবৈধভাবে বসবাস করা ছয় বাংলাদেশি। সোমবার কর্ণাটকের চিত্রদুর্গা শহর থেকে ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় পশ্চিমবঙ্গের সীমানা পেরিয়ে তারা ভারতে ঢুকেছিল।
পুলিশ এলাকায় টহল দেয় নিয়মিত। অরবিন্দ গার্মেন্টস এবং হোয়াইট ওয়াশ গার্মেন্টসের কাছে ধবলাগিরি লেআউটের দ্বিতীয় তলা থেকে তাদের ধরা হয়েছে৷ তাদের চলাচল দেখে সন্দেহজনক মনে হয়েছিল। তারপরেই তাদের পাকড়াও করা হয়েছিল৷

জিজ্ঞাসাবাদ করতেই বিভিন্ন ধরনের বক্তব্য উঠে আসতে থাকে। তারপরেই ঝুলি থেকে বেরিয়ে আসে আসল সত্য। ধৃতরা হল শেখ সাইফুর রহমান, মহম্মদ সুমন হুসেন আলি, মজহারুল, সানোয়ার হোসেন, মহম্মদ শাকিব শিকদার ও আজিজুল শেখ।
জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাদের নথিপত্র দেখা হয়। ভারতের জাল পরিচয়পত্র বেরিয়ে পড়ে। জানা গিয়েছে, তারা আসলে বাংলাদেশের নাগরিক। পশ্চিমবঙ্গের সীমান্ত পেরিয়ে তারা এই অনুপ্রবেশ করে। জাল আধার কার্ড, ভোটার কার্ডও তৈরি হয়ে গিয়েছিল। ব্যাঙ্কের একাউন্ট, প্যান কার্ড পর্যন্ত পাওয়া গিয়েছে। কলকাতা সহ একাধিক জায়গায় তারা কাজও করেছে বলে খবর। অনুপ্রবেশের পর ভুয়ো পরিচয়পত্রের মাধ্যমে কয়েক বছর তারা এদেশে কাটিয়েও ফেলেছে বলে খবর। ওই ছয় জন সম্প্রতি চিত্রদুর্গা শহরে কাজের সন্ধানে যায়।
পুলিশ অভিযুক্তদের হেফাজতে নিয়ে তাদের বেঙ্গালুরুতে পাঠানোর পরিকল্পনা করেছে। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশের সন্দেহ, জেলায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের একটি বড় নেটওয়ার্ক সক্রিয় থাকতে পারে। সেই বিষয়ে খোঁজখবর করা হচ্ছে।
ওই অভিযানের নেতৃত্বে ছিলেন পুলিশ সুপার, সিইএন থানার পরিদর্শক এন ভেঙ্কটেশ, জেলা বিশেষ বিভাগের পরিদর্শক এন গুড্ডাপ্পা। এছাড়াও ছিলেন চিত্রদুর্গা ফোর্ট থানার পরিদর্শক শ্রী দোদ্দন্না, চিত্রদুর্গা গ্রামীণ থানার পরিদর্শক শ্রী মুদ্দুরাজ। এএসআই আরই টিপ্পেস্বামী সহ কর্মীরা ছিলেন। অনুপ্রবেশ, জাল নথির ব্যবহার আটকাতে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই কথা জানিয়েছেন পুলিশ সুপার।
ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে জোর প্রচার করেছে৷ পশ্চিমবঙ্গের সীমানা দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশ হচ্ছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে প্রশ্রয় দিচ্ছে। এমন অভিযোগ বঙ্গ বিজেপির।












Click it and Unblock the Notifications