আদানির সংস্থায় এলআইসির বিপুল বিনিয়োগ! ওয়াশিংটন পোস্টের দাবি খারিজ করে কী জানাল বিমা সংস্থা?
ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক প্রতিবেদনকে ভিত্তিহীন ও ভয়ো বলে দাবি করল ভারতীয় জীবন বিমা নিগম বা এলআইসি। ওই রিপোর্টে দাবি করা হয়েছিল যে, এলআইসি-র বিনিয়োগের সিদ্ধান্তগুলি বাহ্যিক কারণ দ্বারা প্রভাবিত হয়।
এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করল এলআইসি। আজ সংস্থার তরফে বিবৃতিও জারি করা হয়েছে এই মর্মে।

আদানি গ্রুপের মালিকানাধীন সংস্থাগুলিতে এলআইসি থেকে প্রায় ৩.৯ বিলিয়ন মার্কিন ডলার বা ৩২,০০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছিল ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে। এলআইসি আজ বিবৃতিতে এর প্রতিবাদ জানিয়ে লিখেছে, "এলআইসি দ্বারা আদানি গ্রুপের সংস্থাগুলিতে তহবিল ঢোকানোর জন্য একটি রোডম্যাপ তৈরি করার মতো কোনও নথি বা পরিকল্পনার কথা যেমন প্রতিবেদনে দাবি করা হয়েছে, তা কখনোই প্রস্তুত করা হয়নি।"
এলআইসি স্পষ্টভাবে জানিয়েছে যে তাদের বিনিয়োগের সিদ্ধান্তগুলি বোর্ড-অনুমোদিত নীতি অনুসারে বিস্তারিত যাচাই-বাছাইয়ের পর স্বাধীনভাবে নেওয়া হয়। এলআইসি আরও বলেছে, "এই ধরনের সিদ্ধান্তে আর্থিক পরিষেবা বিভাগ বা অন্য কোনও সংস্থার কোনও ভূমিকা নেই।"
এলআইসি যোগ করেছে যে, তারা তাদের সমস্ত স্টেকহোল্ডারদের সর্বোত্তম স্বার্থে সর্বোচ্চ মানের যাচাই-বাছাই নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, "এলআইসি সর্বোচ্চ মানের যাচাই-বাছাই নিশ্চিত করেছে এবং এর সমস্ত বিনিয়োগের সিদ্ধান্ত বর্তমান নীতি, আইন এবং নিয়ন্ত্রক নির্দেশিকা মেনে সকল স্টেকহোল্ডারদের সর্বোত্তম স্বার্থে নেওয়া হয়ে থাকে।"
এলআইসি বলেছে যে, ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনটি বিমা সংস্থাটির সুনাম নষ্ট করার জন্য করা হয়েছে। এলআইসি-র প্রতিবাদে উপসংহারে বলা হয়েছে, "নিবন্ধে উল্লেখিত এই কথিত বিবৃতিগুলি এলআইসি-র সুপ্রতিষ্ঠিত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত করতে এবং এলআইসি-র খ্যাতি ও ভাবমূর্তি এবং ভারতের শক্তিশালী আর্থিক খাতের ভিত্তি নষ্ট করার উদ্দেশ্যে করা হয়েছে।"
উল্লেখ্য, ভারতীয় জীবন বিমা নিগম, যা জনপ্রিয়ভাবে এলআইসি নামে পরিচিত, এটি একটি ভারতীয় রাষ্ট্রায়ত্ত বিমা গোষ্ঠী এবং বিনিয়োগ সংস্থা।












Click it and Unblock the Notifications