সংবিধান রক্ষার্থে গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলিকে আরও শক্তিশালী করার বার্তা মনমোহন সিংয়ের
সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের মধ্যেই সংবিধান রক্ষার জন্যে নতুন প্রস্তাব দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। শনিবার এই বিষয়ে তিনি বলেন যে ভারতের উদার গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলিকে আরও শক্তিশালী করা দরকার এবং সংবিধানের রক্ষায় তাদেরকে ব্যবহার করার বিষয়ে জোর দেওয়া উচিত।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমারের বই 'হিউম্যান ডিগনিটি-অ্যা পার্পস ইন পারপেট্যুইটি' বইয়ের উদ্বোধনকালে মনমোহন সিং বলেন, 'মৌলিক স্বাধীনতা হুমকির মুখে পড়লে আমাদের সমাজের উদারবাদী জনগণ ও উদারবাদী গণতন্ত্র-র বিভিন্ন প্রতিষ্ঠান আগেও অনেক সময় পরীক্ষার সম্মুখীন হয়েছে।'
তিনি বলেন, 'বছরের পর বছর ধরে কাজ করে চলা এই প্রতিষ্ঠানগুলিকে আরও শক্তিশালী করা দরকার। সংবিধান রক্ষায় এই সংস্থাগুলিকে ব্যবহার করার বিষয়ে জোর দেওয়া উচিত। প্রকৃতপক্ষে, স্বাধীনতার ধারণাটি হল আমাদের দেশের আইনের মাধ্যমে সকল নাগরিকের সমান অধিকার সুনিশ্চিত করা।'
অশ্বিনী কুমার বলেন, 'এই বইয়ের পাতাগুলিতে আমি এটাই বোঝাতে চেয়েছি যে কী ভাবে পরিবর্তনশীল ও চ্যালেঞ্জের এই সময়ে মর্যাদাবোধের দিকে এগিয়ে যেতে হবে আমাদের। এবং সেটি আমরা কী করে করতে পারি। সর্বোপরি, মানব মর্যাদা অর্জন করাই আমাদের চিরকালের উদ্দেশ্য।
এদিকে পাঞ্জাবের পথ অনুসরণ করে এবার কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে সিএএ-র বিরুদ্ধে একটি প্রস্তাব আনা হতে পারে বলে জানান আহমদ প্যাটেল। এই বিষয়ে তিনি বলেন, 'পাঞ্জাবের পরে, আমরা রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের মতো রাজ্যেগুলিতে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে একটি প্রস্তাব আনার কথা ভাবছি। এই আইনের বিষয়ে পুনর্বিবেচনা করা কেন্দ্রীয় সরকারের কাছে একটি স্পষ্ট বার্তা হবে।'












Click it and Unblock the Notifications