Delhi Election: করোনাকালে মুখ্যমন্ত্রীর বাসভবন সংস্কারে বাড়তি ২৫ কোটি খরচ! ক্যাগ রিপোর্টে চাপে কেজরিওয়াল?
Delhi Assembly Election 2025: অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) আমলে দিল্লির মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন সংস্কারে চূড়ান্ত বেনিয়ম হয়েছে বলে অভিযোগ করে আসছে বিজেপি (BJP)। আর তাতেই ঘি ঢালল ফাঁস হওয়া ক্যাগ রিপোর্ট। সরকারিভাবে প্রকাশ না হলেও ওই রিপোর্টে দেখা গিয়েছে, যা খরচ বলা হয়েছিল, তার থেকে ২৫ কোটিরও বেশি টাকা লেগেছে মুখ্যমন্ত্রীর বাসভবন সংস্কারে।
দিল্লির ৬ ফ্ল্যাগ স্টাফ রোডে মুখ্যমন্ত্রীর বাসভবন সংস্কারের পরিকল্পনায় ও তার বাস্তবায়নের মাঝে বিস্তর গরমিল রয়েছে বলে উল্লেখ রিপোর্টে। ২০২০ সালে ৭.৬১ কোটি টাকা প্রথমে সংস্কারের জন্য অনুমোদন হলেও ২০২২ সালের এপ্রিলে দেখা যায়, সেই খরচ বেড়ে ৩৩.৬৬ কোটি টাকা দাঁড়িয়েছে। অর্থাৎ প্রকৃত ব্যয় যা ধরা হয়েছিল, তার প্রায় ৩৪২ শতাংশ অতিরিক্ত দেখানো হয়েছে।

মুখ্যমন্ত্রীর সরকারি বাংলোকে শিসমহল (Sheesh Mahal) বলে কটাক্ষ করে থাকে বিজেপি। কোনও আইনি অনুমতি ছাড়াই ওই সরকারি বাংলোয় নকশা পরিবর্তন থেকে শুরু করে বিভিন্ন শৈল্পিক কারুকার্য ও মূল্যবান পাথরের কাজ করা হয়েছে বলে অভিযোগ। মুখ্যমন্ত্রীর বাসভবনে মডিউলার রান্নাঘরসহ আরও বিলাসবহুল পরিবর্তন করা হয়েছে বলে দাবি।
গোটা দেশ যখন করোনার সঙ্গে লড়াইয়ে জর্জরিত ছিল, তখনই তলে তলে এই পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ। আর তাতেই খরচ হয়েছে বিস্তর টাকা। সবটাই জনগণের টাকা তছরুপ করে হয়েছে বলে অভিযোগ বিজেপির। ক্যাগ রিপোর্টে আরও দাবি করা হয়েছে, একদিনেই তিন তিনজন কন্ট্র্যাক্টরের সঙ্গে চুক্তি করা হয়েছিল। তাদের নির্বাচন করার পদ্ধতি সম্পর্কেও কোনও স্বচ্ছতা বজায় রাখা হয়নি বলে অভিযোগ।
এছাড়াও ক্যাগের রিপোর্টে আরও বিস্ফোরক দাবি করা হয়েছে। মুখ্যমন্ত্রীর বাসভবন সংস্কারে অনেক ক্ষেত্রে আবার ইমারতি দ্রব্যের নির্ধারিত মূল্যের অতিরিক্ত টাকা দেওয়া হয়েছে বলে অভিযোগ। যার জেরে ১.৪২ কোটি টাকা বাড়তি খরচ হয়েছে বলে দাবি করা হয়েছে ক্যাগ রিপোর্টে। এমনকি স্টাফদের থাকার জন্য ভবন ও ক্যাম্প অফিস নির্মাণে ১৬.৫৪ কোটির বদলে অসমাপ্ত কাজ সত্ত্বেও ১৯.২২ কোটি টাকা পেমেন্ট করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে রিপোর্টে।
ক্যাগের এই রিপোর্ট ফাঁস হতেই কোমর বেঁধে আপকে নিশানায় নেমেছে বিজেপি। দিল্লিতে বিধানসভা নির্বাচনের আগে ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করেছে তারা। যদিও তাতে কর্ণপাত করতে নারাজ দিল্লির শাসকদল আম আদমি পার্টি। বিজেপি রঙ চড়িয়ে কথা বলছে বলে দাবি আপের। যদিও ক্যাগের রিপোর্টে প্রকাশ্যে কোটি কোটি টাকার গরমিল সামনে চলে আসায় আপ কীভাবে তার মোকাবিলা করে, তাইই এখন দেখার।












Click it and Unblock the Notifications