হিজাব নিয়ে কোর্টের রায়ে দ্বিধাবিভক্ত নেতারা, কেউ বলছেন 'স্বাগত', কারও মতে এই রায় 'গভীর হতাশা'র
হিজাব নিয়ে কোর্টের রায়ে দ্বিধাবিভক্ত নেতারা, কেউ বলছেন 'স্বাগত', কারও মতে এই রায় 'গভীর হতাশা'র
১০ থেকে ২৫ ফেব্রুয়ারির ১১ দিনের ম্যারাথন শুনানির পর, কর্ণাটক হাইকোর্ট মঙ্গলবার 'হিজাব বিতর্ক'-এ রায় ঘোষণা করেছে। কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে হিজাব পরা ইসলাম ধর্মের একটি অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয়। কলেজে হিজাব পরার অনুমতি চেয়ে মুসলিম ছাত্রীদের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। চলতি আইন অনুসারে আদালত স্কুলের ইউনিফর্মকে যুক্তিসঙ্গত বলে বিবেচনা করেছে। প্রধান বিচারপতি ঋতু রাজ অবস্থি, বিচারপতি কৃষ্ণ এস দীক্ষিত এবং বিচারপতি জেএম খাজির সমন্বয়ে গঠিত বেঞ্চ বলেছে যে হিজাব পরা অপরিহার্য নয়। স্কুল/কলেজে ইউনিফর্ম একটি যুক্তিসঙ্গত বিধিনিষেধ। মঙ্গলবার কোর্টের এই রায় সামনে আসার পরপরই সোশ্যাল মিডিয়াতে এই রদয় নিয়ে সমর্থন ও সমালোচনা দুই শুরু হয়েছে৷

কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহলাদ জোশী?
কর্ণাটক হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী এবং কর্ণাটকের ধারওয়াড়ের সাংসদ প্রহলাদ জোশী। আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, 'আদালতের রায়কে স্বাগত জানাই। আমি সবার কাছে আবেদন করছি যে রাষ্ট্র ও দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে হাইকোর্টের আদেশ মেনে শান্তি বজায় রাখতে হবে। শিক্ষার্থীদের মৌলিক কাজ হলো পড়াশুনা করা। তাই এই সব (হিজাব বিতর্ক) বাদ দিয়ে তাদের পড়াশোনা করা উচিত।

কর্ণাটক হাইকোর্টের রায় নিয়ে যা বললেন বিজেপি সাংসদ তেজস্বী সূর্য
বিজেপির সর্বভারতীয় যুবমোর্চা প্রধান এবং বেঙ্গালুরু দক্ষিণের বিজেপি সাংসদ তেজস্বী সূর্য হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন৷ তিনি হিজাব নিষেধাজ্ঞাকে মেয়ে শিশুদের শিক্ষার সুযোগ জোরদার হিসাবে দেখেন৷ মঙ্গলবার টুইটারে তিনি লিখেছেন, 'মেয়ে শিশুদের শিক্ষার সুযোগকে মূলধারায় আনা এবং শক্তিশালী করার দিকে হাইকোর্টের রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।'

হিজাব ব্যান নিয়ে কোর্টের রায় নিয়ে মুখ খুললেন কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী
কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকরও আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, তিনি টুইটারে লিখেছেন, হিজাব ইসলামের একটি অপরিহার্য অনুশীলন নয় এবং স্কুল ও কলেজে এই হিজাব পরার অনুমতি দেওয়া যাবে না, কর্ণাটক হাইকোর্টের এই রায়কে আমি স্বাগত জানাই। এই রায় ইউনিফর্মের পবিত্রতাকে অক্ষুন্ন রাখে এবং স্কুল ও কলেজগুলিতে ছাত্রছাত্রীদের শিক্ষার দিকে মনোযোগ ফিরিয়ে আনে।

কোর্টের রায়ের সমালোচনায় ওমর আবদুল্লাহ!
তবে শুধু প্রশংসায় হয় কড়া সমালোচনাও হয়েছে কর্ণাটক হাইকোর্টের এই রায়ের৷ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই রায়ে হতাশ হওয়ার কথা ব্যক্ত করেছেন। তিনি টুইটারে লিখেছেন, 'কর্ণাটক হাইকোর্টের রায়ে খুবই হতাশ হয়েছি। হিজাব সম্পর্কে আপনি যাই ভাবুন না কেন এটি পোশাকের কোনও আইটেম সম্পর্কিত বিষয় নয়। এটি একজন মহিলার অধিকারের দাবি, যে সে কীভাবে পোশাক পরতে চায় তা বেছে নেওয়ার বিষয় এটি। আদালত যে এই মৌলিক অধিকারকে সমর্থন করেনি তা একটি প্রতারণা।'

কোর্টের রায়কে 'গভীর হতাশাজনক' বলছেন মুফতি!
জম্মু-কাশ্মীরের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি টুইটারে লিখেছেন,' হিজাবে নিষেধাজ্ঞা বহাল রাখার কর্ণাটক হাইকোর্টের সিদ্ধান্ত গভীরভাবে হতাশাজনক। একদিকে আমরা নারীর ক্ষমতায়নের কথা বলি তবুও আমরা তাদের সহজ পছন্দের অধিকারকে অস্বীকার করছি। এটা শুধু ধর্মের বিষয় নয়, বেছে নেওয়ার স্বাধীনতার বিষয়ও৷'












Click it and Unblock the Notifications