নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলা, প্রবল বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রাজ্যে রাজ্যে
নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলা, প্রবল বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রাজ্যে রাজ্যে
একদিকে ওড়িশা উপকূলে নিম্নচাপ অন্যদিকে সেই নিম্নচাপ কেন্দ্রের মধ্যে দিয়ে যাওয়ার মৌসুমী অক্ষরেখা। যার জেরে বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের (weather office) তরফে। একদিকে যেমন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে উত্তরপূর্বের রাজ্যগুলিতে, অন্যদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজধানী-সহ আশপাশের রাজ্যগুলিতে।

উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির পূর্বাভাস
মঙ্গলবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১৮ অগাস্ট বুধবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচটি জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টির হবে। বাকি তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৯ অগাস্ট বৃহস্পতিবার সকালে মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অভিভারী সঙ্গে অতিপ্রবল বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর জেলায়। দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১৯ অগাস্ট বৃহস্পতিবারেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। আগামী দিন পাঁচেকে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস
মঙ্গলবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ১৮ অগাস্ট বুধবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৯ অগাস্ট বৃহস্পতিবার সকালের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায়। বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আগামী দিন পাঁচেকে দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

কলকাতার আবহাওয়া
কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩০ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৩২.৮ (৩৩.৬)
বালুরঘাট ৩২.৪ (৩২.৮)
বাঁকুড়া ৩২.৯ (৩৪)
ব্যারাকপুর ৩২.২ (৩২.৬)
বহরমপুর ৩৪ (৩৪.২)
বর্ধমান ৩৪ (৩৪.৬)
ক্যানিং ২৯.৪ (৩২)
কোচবিহার ৩০.৫ (৩৩.৯)
দার্জিলিং ১৯.৫ (২১.৪)
দিঘা ৩০.৪ (৩২.৬)
কলকাতা ৩০.৪ (৩১.৮)
মালদহ ৩২.৫ (৩১.২)
পানাগড় ৩৩.৪ (৩৪.৬)
পুরুলিয়া (৩৪.৩)
শিলিগুড়ি ৩২.২ (৩৫ )
শ্রীনিকেতন ৩৩.৯ (৩৩.৬)

দেশের আবহাওয়া
আবহাওয়া দফতর জানিয়েছে, উপকূল ওড়িশা এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে একটি নিম্নচাপ অবস্থান করছে। সঙ্গে থাকা ঘূর্ণাবর্তও দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে। যা আগামী ৪৮ ঘন্টায় পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ওড়িশা, ছত্তিশগড় এবং উত্তর-পূর্ব মধ্যপ্রদেশের ওপরে যাবে।
মৌসুমী অক্ষরেখার পশ্চিম দিকের অংশ স্বাভাবিকের থেকে উত্তরে রয়েছে। পূর্ব দিকের অংশ রয়েছে স্বাভাবিকের দক্ষিণ দিকে। যা ওড়িশার উপকূলে থাকা নিম্নচাপ কেন্দ্রের মধ্যে গিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী দিন দুয়েকে মৌসুমী অক্ষরেখার পশ্চিম দিকের অংশ ক্রমশ স্বাভাবিক অবস্থানের দক্ষিণ দিকে সরে যাবে বলেই মনে করছেন আবহবিদরা।
বঙ্গোপসাগর থেকে শক্তিশালী দক্ষিণাবায়ু উত্তর-পূর্ব ভারতের দিকে যেতে থাকবে ১৮ অগাস্ট পর্যন্ত।
এর প্রভাবে ১৮ অগাস্টের মধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে মারাঠাওয়াড়া, তেলেঙ্গানা, ওড়িশা, বিদর্ভ, মধ্য মহারাষ্ট্রে। ছত্তিশগড়ে ১৭ ও ১৮ অগাস্ট, উপকূল অন্ধ্রপ্রদেশে ১৭ অগাস্ট।
১৯ অগাস্টের মধ্যে বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, কোঙ্কন ও গোয়া, গুজরাতে। বিহারে আগামী ৫ দিন বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে।

উত্তর-পূর্বের সঙ্গে উত্তর-পশ্চিমেও বৃষ্টি
উত্তর-পূর্ব ভারতে আগামী দুদিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সঙ্গে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে ১৮ অগাস্ট। তবে পরের তিন দিনে আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে।
১৯ অগাস্ট থেকে দেশের উত্তর-পশ্চিম অংশে বৃষ্টির পরিমাণ বাড়বে। ১৯ থেকে ২৩ অগাস্টের মধ্যে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে। ২০ ও ২১ অগাস্ট ভারী বৃষ্টি হতে পারে হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে।

প্রবল বজ্রপাতের সতর্কতা
আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে আগামী ২৪ ঘন্টায় মাঝারি থেকে প্রবল বজ্রপাত হতে পারে পূর্ব উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশে। যার জেরে মানুষ এবং পশুর ক্ষতির সতর্কবার্তা জারি করা হয়েছে।












Click it and Unblock the Notifications