বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির পূর্বাভাস
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির পূর্বাভাস
এদিন সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ কার্যত পরিষ্কার। তবে উত্তরবঙ্গের কোথাও কোথাও বৃষ্টি জারি রয়েছে। সঙ্গে অস্বস্তিকর গরম বেড়েছে। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে মঙ্গলবার ২৪ অগাস্ট নাগাদ উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
রবিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২৩ অগাস্ট সোমবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালব্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ওইদিনই আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। আগামী ৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই
রবিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২৩ অগাস্ট সোমবার সকালের মধ্যে সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলে আপাতত পূর্বাভাসে বলা হয়েছে। আগামী দিন পাঁচেকে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

কলকাতার আবহাওয়া
কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩২.৮)
বালুরঘাট (৩২.৮)
বাঁকুড়া (৩২.৬)
ব্যারাকপুর (৩১.৪)
বহরমপুর ( ৩৬.৪)
বর্ধমান (৩৪.৬)
ক্যানিং ( ৩১)
কোচবিহার (৩২.৭)
দার্জিলিং (২০.২)
দিঘা (৩৩.৮)
কলকাতা (৩২)
মালদহ (৩৩.৫)
পানাগড় (৩৩)
পুরুলিয়া (৩২.৩)
শিলিগুড়ি (৩০.৮)
শ্রীনিকেতন (৩২.৪ )

দেশের আবহাওয়া
মৌসুমী অক্ষরেখার পশ্চিম দিকের অংশ তার স্বাভাবিক অবস্থানের দক্ষিণ দিকে রয়েছে। আর পূর্ব দিকের অংশ স্বাভাবিক অবস্থানের উত্তরে রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেথার পশ্চিম দিকের অংশ ২৩ অগাস্ট থেকে ক্রমশ উত্তরের দিকে যেতে শুরু করবে। মৌসুমী অক্ষরেখা বিকানের, শিবপুরী, সিধি, পাটনা, বালুরঘাট হয়ে পূর্বদিকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে।
একটি ঘূর্ণাবর্ত উত্তর-পূর্ব রাজস্থান এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। অপর একটি ঘূর্ণাবর্ত শ্রীলঙ্কা উপকূলের কাছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এছাড়াও একটি অক্ষরেখা উত্তর-পূর্ব রাজস্থান থেকে পশ্চিম মধ্যপ্রদেশ এবং বিদর্ভ হয়ে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত রয়েছে। একটি অক্ষরেখা হরিয়ানা থেকে পূর্ব রাজস্থান, গুজরাতের ওপর দিয়ে উত্তর-পূর্ব আরব সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
ওপরের এই পরিস্থিতির জেরে উত্তর-পশ্চিম ভারতের সমতলের ওপরে বর্তমানে যে বৃষ্টিপাত হচ্ছে তা সোমবার থেকে কমতে থাকবে। নতুন করে উত্তরাখণ্ড এবং পূর্ব উত্তর প্রদেশের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত চলবে ২৬ অগাস্ট পর্যন্ত। এইসব এলাকায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে ২৩-২৬ অগাস্টের মধ্যে। রবিবার পর্যন্ত বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং হিমাচল প্রদেশে।
উত্তর-পূর্ব ভারত, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং বিহারে ২৪ অগাস্ট মঙ্গলবার থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনাল রয়েছে। ২৪ অগাস্ট পর্যন্ত উত্তর-পূর্ব ভারত, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং বিহারে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। তারপর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। ২৪-২৬ অগাস্টের মধ্যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে ২৫ ও ২৬ অগাস্ট। ২৫ অগাস্ট নাগাদ অসম এবং মেঘালয়ে অতিপ্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications