ভিলেন দক্ষিণা বাতাস, অতিভারী বৃষ্টি উত্তরে! দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম কতদিন, একনজরে আবহাওয়ার পূর্বাভাস
ভিলেন দক্ষিণা বায়ু, অতিভারী বৃষ্টি উত্তরে! দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম কতদিন, একনজরে আবহাওয়ার পূর্বাভাস
বৃষ্টি কমতেই দক্ষিণবঙ্গ জুড়ে অস্বস্তিকর গরমের পরিস্থিতি। আপাতত দিন দুয়েক পরিস্থিতি এরকমই চলতে পারে। অন্যদিকে উত্তর-পূর্ব-সহ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী দিন চারেকে দেশের বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত কম থাকবে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের (weather office) তরফে।

উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস
সোমবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২৫ অগাস্ট বুধবার সকালের মধ্যে দার্জিলিং ও কালিম্পং-এর কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বুধবার থেকে শুক্রবারের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা দার্জিলং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার-এ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যার জেরে ওই জেলাগুলিকে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় এই তিনদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী কয়েকদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই
সোমবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২৫ অগাস্ট বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। কোনও কোনও জায়গায় স্থানীয়ভাবে হাল্কা বৃষ্টি হতে পারে। তবে বুধবার এবং বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। একইসঙ্গে আগামী দিন পাঁচেকে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। তবে গত কয়েকদিনের মধ্যে রাজ্যের বিভিন্ন শহরেই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।

কলকাতার আবহাওয়া
কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৪.৬)
বালুরঘাট (৩১.৪)
বাঁকুড়া (৩৪.৫)
ব্যারাকপুর (৩৪.৭)
বহরমপুর ( ৩৫.২)
বর্ধমান (৩৫.৪)
ক্যানিং ( ৩৩.৬)
কোচবিহার (৩২.৩)
দার্জিলিং (২০)
দিঘা (৩৪.৩)
কলকাতা (৩৪.৬)
মালদহ (৩৫.২)
পানাগড় (৩৪.৭)
পুরুলিয়া (৩৪.৭)
শিলিগুড়ি (৩২.৩)
শ্রীনিকেতন (৩৪.৮)

দেশের আবহাওয়া
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মৌসুমী অক্ষরেখার পশ্চিম দিকের অংশ তার স্বাভাবিক অবস্থানের দক্ষিণে রয়েছে। অন্যদিকে পূর্ব দিকের অংশ স্বাভাবিক অবস্থানের উত্তরদিকে অবস্থান করছে। ২৪ অগাস্ট থেকে মৌসুমী অক্ষরেখার পশ্চিম দিকের অংশ উত্তরদিকে সরতে শুরু করবে আর পূর্ব দিকের অংশ ২৬ অগাস্ট থেকে দক্ষিণ দিকে সরতে শুরু করবে। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা বিকানের, ভিওয়ানিস দিল্লি, বরেলি, গোরক্ষপুর, দ্বারভাঙা, জলপাইগুড়ি হয়ে পূর্ব-উত্তর-পূর্বে অসমের পূর্ব দিক পর্যন্ত বিস্তৃত রয়েছে। যে ঘূর্ণাবর্তটি শ্রীলঙ্কা উপকূলের কাছে বঙ্গোপসাগরে ছিল, তা এখন বঙ্গোপসাগরে থাকলেও তামিলনাড়ু উপকূলের কাছে সরে গিয়েছে।
একটি ঘূর্ণাবর্ত উত্তর-পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। শক্তিশালী দক্ষিণা বায়ু কিংবা দক্ষিণ পশ্চিম বায়ু বঙ্গোপসাগর থেকে উত্তর-পূর্ব ভারতের দিকে যাচ্ছে। এই পরিস্থিতি আগামী ২৫ অগাস্ট পর্যন্ত চলতে থাকবে বলেই অনুমান আবহবিদদের।
এই পরিস্থিতিতে ২৭ অগাস্ট পর্যন্ত উত্তর-পূর্ব ভারত এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ২৩ থেকে ২৫ অগাস্টের মধ্যে অসম এবং মেঘালয়ে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিহার, পূর্ব উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডে ২৭ অগাস্ট পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি চলতে থাকবে।
২৩, ২৬ এবং ২৭ অগাস্ট বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে তামিলনাড়ু, কেরল এবং মাহেতে।
দেশের বাকি অংশ যেমন উত্তর-পশ্চিম ভারতের সমতলে, মধ্যভারত এবং দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অংশে এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ কমে গিয়েছে। এই অংশের মধ্যে পড়ছে মহারাষ্ট্র এবং গুজরাতও। তবে ২৫-২৭ অগাস্চের মধ্যে রাজস্থানে শুকনো আবহাওয়া থাকবে।












Click it and Unblock the Notifications