একদিনে করোনায় আক্রান্ত ৮৪ হাজার, ৭৭ শতাংশ সুস্থতার হার মনোবল দিচ্ছে দেশবাসীকে
৭৭ শতাংশ সুস্থতার হার মনোবল দিচ্ছে দেশবাসীকে
ভারতে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৬৮,৫৮৪ জন করোনা রোগী এবং গত ২৪ ঘণ্টায় তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। নতুন এই তথ্য সহ ভারতে এখন কোভিড–১৯–এ সুস্থতার হার ৭৭ শতাংশ অতিক্রম করেছে (৭৭.০৯%)। সক্রিয় রোগীর তুলনায় (৮,১৫,৫৩৮) সুস্থ রোগীর সংখ্যা ২১.৫ লক্ষের বেশি বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

একদিনে দেশে ১১.৭ লক্ষ টেস্ট
স্বাস্থ্য ও পরিবার কলষাণ মন্ত্রকের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে বলা হয়, ‘ভারত আরও এক সফলতার শীর্ষে পৌঁছাল, গত ২৪ ঘণ্টায় ভারতে ১১.৭ লক্ষ টেস্ট হয়েছে। ভারতে একদিনে সর্বোচ্চ সুস্থ হয়ে উঠেছেন ৬৮,৫৮৪ জন কোভিড-১৯ রোগী এবং গত ২৪ ঘণ্টায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। এই সংখ্যা সুস্থ হওয়া মোট রোগীর সংখ্যাকে ৩০ লক্ষের কাছে পৌঁছে দিয়েছে (২,৯৭০,৪৯২)।'

সক্রিয় কেসের নিরিখে বেশি সুস্থতার সংখ্যা
স্বাস্থ্য মন্ত্রকের সূত্রে এও বলা হয়েছে যে সুস্থ হওয়া রোগীর সংখ্যা সক্রিয় কেসের নিরিখে ৩.৬ গুণ বেশি। বিবৃতি অনুযায়ী, উচ্চ সুস্থতার রেকর্ড এটা নিশ্চিত করছে যে দেশের প্রকৃত করোনা কেসের বোঝা হ্রাস পেয়েছে এবং সক্রিয় কেস রয়েছে মাত্র ২১.১৬ শতাংশ।

স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন
মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতালে উন্নয়ন ও কার্যকর চিকিৎসা ব্যবস্থার ওপর মনোযোগ, হোম আইসোলেশনের ওপর নজরদারি, নন-ইনভেসিভ অক্সিজেনের সাপোর্ট, অ্যাম্বুলেন্স পরিষেবার উন্নয়ন ও সময়মতো রোগীকে হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা শুরু করে দেওয়া ও এইমসের টেলু-কনসালটেন্ট পদ্ধতিতে দেশের অন্যান্য হাসপাতালগুলিকে করোনার চিকিৎসায় পথ নির্দেশ করা এ সব কিছুই দেশকে মহামারি থেকে বেড়িয়ে আসতে সহায়তা করছে।

মৃত্যুর সংখ্যা কম
এই সবকিছুই ভারতে মৃত্যুর সংখ্যাকে বিশ্বে মৃত্যুর গড় (৩.৩ শতাংশ) থেকে নীচে রাখতে সহায়তা করেছে। ভারতের মৃত্যুর হার ১.৭৫ শতাংশ। প্রতি ১০ লক্ষ জনসংখ্যার নিরিখে ভারতে করোনা মৃত্যুর হার সবচেয়ে কম। ভারতে প্রতি দশ লক্ষে ৪৯ জন করোনা আক্রান্তের মৃত্যু হচ্ছে বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

একদিনে আক্রান্ত ৮৪ হাজার
তবে এ সব কিছু ভালো খবরের মধ্যেও উদ্বেগ বাড়াচ্ছে একদিনের করোনা সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করোনা আক্রান্ত হয়েছে সর্বোচ্চ, ৮৩,৮৮৩। যা দেশের মোট করোনা বোঝাকে ৩৮ লক্ষের ঘরে নিয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে ১,০৪৩ এবং মোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৬৭,৩৭৬।












Click it and Unblock the Notifications