তিরুপতিতে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি, দিলেন পুজোও

আগামী মাসে শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি নির্বাচন। টানা তৃতীয়বার প্রতিদ্বন্দ্বিতা করবেন মহিন্দা রাজাপক্ষে। তাঁর বন্ধুরা বলেন, তিরুপতির বেঙ্কটেশ্বর দেবতা খুবই জাগ্রত। তাঁর কাছে পুজো দিলে অভিলাষ পূরণ হয়। এ কথা শোনার পর থেকেই মহিন্দা রাজাপক্ষের ইচ্ছে ছিল দেবদর্শনে আসবেন। শেষমেশ আজ তিনি এলেন।
সকালেই 'সুপ্রভাতম' অনুষ্ঠানে অংশ নেন তিনি। সাধারণ ভক্তদের মতোই মন্দিরের সব নিয়ম মেনে ঈশ্বরের কাছে পুজো নিবেদন করেন। হাতজোড় করে চোখ বুজে বেশ কিছুক্ষণ বিড়বিড় করতে দেখা যায় তাঁকে। মন্দির কর্তৃপক্ষের তরফে তাঁকে দেওয়া হয় সিল্কের একটি চাদর, প্রসাদ ও পবিত্র জল।
রাজাপক্ষের সফর উপলক্ষে কিছু তামিল সংগঠন বিক্ষোভ দেখানোর কর্মসূচি নিয়েছিল। কিন্তু মন্দিরে আসার পথে অন্ধ্রপ্রদেশ পুলিশ তাদের আটক করে। পরে সবাইকে মুক্তি দেওয়া হয়।












Click it and Unblock the Notifications