কী ছবি শেয়ার করলেন তেজপ্রতাপ ও ঐশ্বর্য, যা নিয়ে হইচই টুইটারে, দেখুন
পাটনার রাস্তায় সাইকেল ভ্রমণে গেলেন তেজ প্রতাপ যাদব এবং ঐশ্বর্য রাই, ছবি দিলেন ইনস্টাগ্রামে।
সারা পৃথিবীতে এখন আলোচনায় ইংল্যান্ডের রাজপুত্রের বিয়ে। এছাড়া বলিউডি তারকা সোনম কাপুর, নেহা ধুপিয়া, হিমেশ রেশমিয়ার বিয়েও চর্চায় রয়েছে। এরই মধ্যে গত ১২ মে রাজসিক আয়োজনে সম্পন্ন হয়েছিল বিহারের অলিখিত রাজা লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপের। বিয়ে মহা ধূমধামে সারলেও বিবাহিত জীবনটা কিন্তু আর পাঁচজন সেলিব্রিটি কাপল-এর থেকে কিছুটা আলাদা ভাবেই করলেন তেজপ্রতাপ ও ঐশ্বর্য।

একেবারে সাধারণ দম্পতির মতোই সাইকেলে চড়ে বউকে নিয়ে পাটনার রাস্তায় ঘুরতে বেড়িয়েছিলেন তেজপ্রতাপ। পরণে সাদা কুর্তা। ঐশ্বর্যও, মেকআপহীন, ঘোমটা মাথায় একেবারে বিহারি বউয়ের বেশে। সেই, ঘরোয়া মুহুর্ত সমর্থক ও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তেজপ্রতাপ। তাঁদের সাইকেল ভ্রমণের একটি ছবি তিনি পোস্ট করেন ইনস্টাগ্রামে। যা নিয়ে আপ্লুত আরজেডি সমর্থক থেকে শুরু করে একেবারে সাধারণ টুইটার ব্যবহারকারীরা। অনেকেই বলছেন এই দেশী মেজাজে অসাধারণ লাগছে এই নবদম্পতিকে।
এর আগে বলিউড এবং ভোজপুরি গানের তালে লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদব, রাবড়ি দেবী, মিশা ভারতীর নাচের অনেক ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। প্রায় ৫০ টি হাতি-ঘোড়া, আদিবাসী বাজনদারদের বিশাল দল, ৭ হাজারের বেশি অতিথির সমাগমে পাটনায় সম্পন্ন হয়েছিল তেজপ্রতাপ ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী দারোগা প্রসাদ রাইয়ের নাতনি ঐশ্বর্য রাইয়ের বিয়ে। বিয়ে উপলক্ষ্যে তাঁদের ভারতীয় রাজনীতির চাঁদের হাট বসেছিল। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, বর্ষিয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং, এনসিপি নেতা প্রফুল্ল প্যাটেল, কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান, বিক্ষুব্ধ বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা, শরদ যাদব কে ছিলেন না সেই তালিকায়। তবে সবচেয়ে কৌতূহল ছিল মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে নিয়ে। জোট ভেঙে নীতিশ লালুদের পাশ ছেড়ে যাওয়ার পর সেই প্রথম দুই নেতার সাক্ষাত হয়। শুভদিনে লালু ও নীতিশকে হাসি ঠাট্টায় মেতে থাকতে দেখা গিয়েছিল। রাবড়ি দেবীও নীতিশের যথাযোগ্য আপ্পায়ন করেছিলেন।
খাদ্য তালিকায় ছিল নানান নিরামীষ পদ। রান্নার দায়িত্বে ছিলেন কানপুরের এক কেটারার সংস্থা। বিহারের জনপ্রিয় লিট্টি চৌখা তো ছিলই, এছাড়া হয়েছিল অমৃতসরী কুলচা, গুলাব জামন, কড়াই পনির ও বিভিন্ন কন্টিনেন্টাল খাবার দাবার।












Click it and Unblock the Notifications