বাড়িতে আয়কর আধিকারিকদের দেখে কুকুর লেলিয়ে দিলেন বৃদ্ধা, বাজেয়াপ্ত ২.৮৯ কোটি টাকা
বাড়িতে আয়কর আধিকারিকদের আসতে দেখে কুকুর লেলিয়ে দিয়েছিলেন বাড়ির বৃদ্ধা মালকিন। আয়কর আধিকারিকরা পুলিশের সাহায্য নিয়ে বাড়ির ভিতরে ঢোকেন। ফ্ল্যাটের তালাবন্ধ ঘর থেকে উদ্ধার হয় ২.৮৯ কোটি টাকা।
বেঙ্গালুরু, ১৪ ডিসেম্বর : ফের বেঙ্গালুরুর একটি অ্যাপার্টমেন্টে হানা দিয়ে মোটা অঙ্কের নতুন টাকা বাজেয়াপ্ত করল আয়কর দফতর। যদিও এবারের কাজটা খুব একটা সহজ ছিল না। বাড়িতে আয়কর আধিকারিকদের আসতে দেখে কুকুর লেলিয়ে দিয়েছিলেন বাড়ির বৃদ্ধা মালকিন।
কিন্তু সমস্ত বাধা প্রতিবন্ধকতা পেরিয়ে বেঙ্গালুরুর যশবন্তপুরের ওই অ্যাপার্টমেন্ট থেকে মোট ২.৮৯ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে আয়কর দফতর। বাজেয়াপ্ত হওয়া টাকার মধ্যে ২.২৫ কোটি টাকা ছিল নতুন ২০০০ টাকার নোটে।

আয়কর আধিকারিকদের দাবি, বাড়িতে বিশাল অঙ্কের টাকা রয়েছে, গোপন সূত্রে এখবর পেয়ে অভিযান চালানো হয়। সেই বাড়িতে এক বৃদ্ধা তার দুই কুকুর নিয়ে থাকেন। মঙ্গলবার আয়কর আধিকারিকরা বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করলে প্রথমে বৃদ্ধা বাধা দেন। কিন্তু তাতে কাজ না হওয়ায় নিজের প্রিয় দুই কুকুরকে আধিকারিকদের পিছনে লেলিয়ে দেন।
এরপর আয়কর আধিকারিকরা পুলিশের সাহায্য নিয়ে বাড়ির ভিতরে ঢোকেন । ফ্ল্যাটের একটি ঘরে তালা লাগানো ছিল। ঘরটি খুলতেই সেখান থেকে এই টাকা উদ্ধার হয়। এই ঘটনায় সন্দেহজনক একজনকে আটক করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications