২০২১ শুরু মুখে সুখবর! ইপিএফে ৮.৫ শতাংশ সুদ দানে রাজি কেন্দ্র, শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ
২০২১ শুরু মুখে সুখবর! ইপিএফে ৮.৫ শতাংশ সুদের বিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত কেন্দ্রের
২০২১ শুরুর মুখে মধ্যবিত্ত ঘরে হাসি ফোটাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। কর্মী প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফের জন্য ধার্য সুদের ৮.৫ শতাংশই দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের প্রায় ৬ কোটি সদস্যের জন্য শীঘ্রই এই ইস্যুতে বিজ্ঞপ্তি জারি করতে চলেছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে সবুজ সংকেত পাওয়ার পরেই তারা এ ব্যাপারে উদ্যোগী হয়ে উঠেছে।

এর আশঙ্কা তৈরি হয়েছিল যে কর্মী প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফে সুদের হার হয়তো কমিয়ে দেওয়া হবে। করোনা ভাইরাসের আবহে সরকারি রাজকোষে টান পড়ার দোহাই দিয়ে এই ইস্যুতে নিজেদের অনুমোদনও স্থগিত রেখেছিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। বিশ্বব্যাপী জারি থাকা অর্থনৈতিক সংকটে দেশের ৬ কোটি ইপিএফও সদস্যকে ৮.৫ শতাংশ হারে সুদ দেওয়া সম্ভব নয় বলে ইঙ্গিতও দিয়েছিল নির্মলা সীতারমণের বিভাগ। গত সেপ্টেম্বরে হওয়ার কর্মী প্রভিডেন্ট ফান্ড সংস্থা বা ইপিএফও-র অছি পরিষদের বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক হয় যে সুদের হার ৮.৫ শতাংশই রাখা হবে।
তবে বকেয়া এই সুদ দুই ভাগে মিটিয়ে দেওয়া হবে বলে প্রাথমিক ভাবে জানিয়েছিল কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। জানানো হয়েছিল যে শুরুতে ইপিএফ সুদের ৮.১৫ শতাংশ মিটিয়ে দেওয়া হবে। ডিসেম্বরের মধ্যে আরও ০.৩৫ শতাংশ মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়েছিল কেন্দ্র। শেয়ার বাজারের এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফে খাটানো পিএফ তহবিল থেকে এই টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছিল।
উল্লেখ্য করোনা ভাইরাসের আবহে লকডাউনে তুমুল অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ইটিএফ ভাঙার পরিকল্পনা করেনি সরকার। কিন্তু চলতি মাসে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক পিএফের সম্পূর্ণ সুদ একলপ্তে দিয়ে দেওয়ার জন্য অর্থ মন্ত্রককে প্রস্তাব পাঠায় বলে খবর। শ্রম মন্ত্রকের বাখ্যায় সন্তুষ্ট হয়ে নির্মলা সীমারমণের বিভাগ সেই প্রস্তাবে সম্মতি দিয়ে দিয়েছে বলে খবর।












Click it and Unblock the Notifications