Kolkata New CP: প্রতিশ্রুতি রাখলেন পুলিশমন্ত্রী, বিনীত গোয়েলের জায়গায় কলকাতা পুলিশের CP পদে মনোজ বর্মা
সরলেন বিনীত গোয়েল। কলকাতা পুলিশের নতুন কমিশনার হলেন মনোজ বর্মা। নির্ধারিত সময়ের আগেই সিদ্ধান্ত ঘোষণা করলেন রাজ্যের পুলিশমন্ত্রী। গতকালই আরজি কর কাণ্ডে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বৈঠকের পর বিনীত গোয়েলকে পুলিশ কমিশনার পদ থেকে সরানোর কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকালই মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করে জানিয়েছিলেন যে বিনীত গোয়েলের পদত্যাগের যে দাবি তাঁরা জানিয়েছেন তা মেনে নিয়েছেন তিনি। বিনীত গোয়েলও নাকি থাকতে রাজি হননি। অন্যদিকে ডিসি নর্থকে বদলির কথাও ঘোষণা করেছিলেন তিনি। তবে দায়িত্বে কারা আসবেন সেটা মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন। সেই মতোই ঘোষণা করা হয়েছে। বিনীত গোয়েলের জায়গায় এসেছেন মনোজ বর্মা আর ডিসি নর্থের দায়িত্বে এসেছেন দীপক সরকার।

আরজি কর কাণ্ডে কলকাতা পুলিশের নিরপেক্ষতা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। বিনীত গোয়েলের নেতৃত্বে তথ্য প্রমাণ লোপাট হয়েছে বলে অভিযোগ করেছিলেন আন্দোলনকারী জুনিয়ার চিকিৎসকরা। লালভবনে অভিযান করে বিনীত গোয়েলের পদত্যাগের দাবি জানিয়ে এসেছিলেন তাঁরা। অবশেষে দীর্ঘ এক মাসের আন্দোলনের পরে সেই জায়গা থেকে সরতে বাধ্য হলেন বিনীত গোয়েল।
কলকাতা পুলিশের অন্দরে পুলিশের স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে যে প্রশ্ন উঠতে শুরু করেছিল বিনীত গোয়েলকে সরিয়ে সেই ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী। বিনীত গোয়েলকে এডিজি এসটিএফের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে মনোজ বর্মাকে পুলিশ কমিশনার পদে বসিয়ে কলকাতা পুলিশের ভাবমূর্তিকে স্বচ্ছ রাখার চেষ্টা করা হয়েছে।
মাওবাদী নেতা কিষেণজির এনকাউন্টারের ঘটনায় অন্যতম প্রধান ছিলেন মনোজ বর্মা। এই মুহূর্তে কলকাতা পুলিশের স্বচ্ছ ভাবমূর্তির অন্যতম হলেন মনোজ বর্মা। ১৯৯৮ সালের ব্যাচের আইপিএস অফিসার মনোজ বর্মা। পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে একাধিক জেলায় পুলিশ সুপার পদে দায়িত্ব সামলেছেন।
অন্যদিকে ডিসি নর্থ অভিষেক গুপ্তাকেও সরানো হয়েছে। আরজি কর কাণ্ডে নির্যাতিতার পরিবার অভিযোগ করেছিলেন ডিসি নর্থ অভিষেক গুপ্তা তাঁদের টাকা দিতে চেয়েছিলেন। এমনকী ডিসি নর্থের ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ন ছিল। আরজি কর কাণ্ডে আন্দোলনকারী
ডিসি নর্থ অভিষেক গুপ্তার জায়গায় দায়িত্বে এসেছেন দীপক সরকার। তিনিও মাওবাদী দমনে একাধিক কাজ করেছিলেন। পশ্চিম মেদিনীপুর থেকে বীরভূম একাধিক জায়গায় তিনি দায়িত্ব সামলেছেন বলে জানা গিয়েছে। একেবারে স্বচ্ছ ভাবমূর্তির দুই পুলিশ অফিসারকে সামনে রেখে কোন বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিতে চেয়েছেন সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এছাড়াও প্রতিশ্রুতি মতো স্বাস্থ্য ক্ষেত্রেও একাধিক রদবদল করেছেন মুখ্যমন্ত্রী। গতকাল জুনিয়র চিকিৎসকদের দেওয়া প্রতিশ্রুতি মেনেই নির্ধারিত সময়ের মধ্যেই কাজ করেছেন তিনি। মনোজ বর্মা কলকাতা পুলিশের নগরপাল নিযুক্ত হওয়ার আগে এডিজি আইনশৃঙ্খলা পদে ছিলেন। নতুন এডিজি আইনশৃঙ্খলা হয়েছেন জাভেদ শামিম।












Click it and Unblock the Notifications