Baba Siddique Shot Dead: দ্বন্দ্ব ঘুচিয়ে শাহরুখ-সলমনকে মিলিয়েছিলেন, বলিউড ঘনিষ্ঠ সেই সিদ্দিকিকেই গুলি করে খুন
Baba Siddique Shot Dead: মুম্বইয়ের রাস্তায় গুলি করে খুন বাবা সিদ্দিকী। শনিবার সন্ধেয় পূর্ব বান্দ্রায় ছেলের অফিসের বাইরে আততায়ীদের গুলিতে প্রাণ হারান মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকি (NCP Leader Baba Siddique)। বলিউডের (Bollywood) সঙ্গেও ঘনিষ্ঠ যোগ ছিল তাঁর। বাবা সিদ্দিকির মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন তারকারাও।
শাহরুখ-সলমনের (Shahrukh Salman) দ্বন্দ্ব ঘুচিয়ে দুই তারকাকে মিলিয়ে ছিলেন এই বাবা সিদ্দিকিই। ২০০৮ সালে ঘটনার সূত্রপাত। ক্যাটরিনা ক্য়াইফের জন্মদিনের পার্টিতে ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে তর্কাতর্কিতে জড়ান সলমন (Salman Khan) ও শাহরুখ খান (Shahrukh Khan)। এরপর থেকেই দীর্ঘদিন মুখ দেখাদেখি বন্ধ ছিল দুই খানের।

২০১৩ সালে দুই খানকে এক সুতোয় বেঁধেছিলেন এই বাবা সিদ্দিকি। তাঁর আয়োজনে ইফতার পার্টিতে কার্যত চাঁদের হাট বসত। খান, কাপুর পরিবার সহ বলিউডের একঝাঁক তারকা যোগ দিতেন বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে (Baba Siddiqui's Iftar Party)। সেই আমন্ত্রণ কখনই ফেরাতেন না সলমন শাহরুখও।
২০১৩ সালের সেই ইফতার পার্টিতেই সলমন ও শাহরুখকে মুখোমুখি এনেছিলেন বাবা সিদ্দিকি। বলিউডে কান পাতলে শোনা যায়, দুই খানের মধ্যে দূরত্ব ঘোচানোর দায়িত্বভার এসে পড়েছিল বাবা সিদ্দিকির উপরই। পার্টিতে সলমনের বাবা সেলিম খানের পাশে বসেছিলেন শাহরুখ। সলমন সেখানে যেতেই উঠে দাঁড়ান বলিউডের বাদশা।
সব অভিমান মিটিয়ে ইফতার পার্টিতে সলমনকে বুকে টেনে নিয়েছিলেন শাহরুখ। সেই ছবি আজও ভোলেনি গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ভক্তরাও। তারপর থেকে বহু বার সিদ্দিকির ডাকা পার্টিতে একফ্রেমেই দেখা গিয়েছে দুই খানকে।
বাবা সিদ্দিকির মৃত্যুর খবর পেয়েই মুম্বইয়ের লীলাবতি হাসপাতালে ছুটে আসেন সলমন। বিগবসের শুটিং বাতিল করে তড়িঘড়ি হাসপাতালে যান সলমন খান। সিদ্দিকির সঙ্গে ঘনিষ্ঠতা ছিল অভিনেতা সঞ্জয় দত্তেরও। এদিন হাসপাতালে ছুটে আসেন সঞ্জু বাবাও।
শনিবার সন্ধেয় বাবা সিদ্দিকির উপর দুই থেকে তিন রাউন্ড গুলি চালানো হয় বলে দাবি তদন্তকারীদের। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি জানান, "ইতিমধ্যেই ২ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। দুই অভিযুক্ত উত্তরপ্রদেশ ও হরিয়ানার বাসিন্দা। তৃতীয় অভিযুক্ত গা ঢাকা দিয়েছে। তাকে শীঘ্রই জালে আনবে মুম্বই পুলিশ।"












Click it and Unblock the Notifications