অ্যাপে বিক্রি হচ্ছে মুসলিম নারী, বিতর্কিত এই ‘বুল্লি বাই’ আসলে কি জেনে নিন
‘বুল্লি বাই’ অ্যাপ কি
অবমাননাকর 'সুল্লি ডিলস’ নামে সাইট সামনে আসার ৬ মাস পর মুসলিম মহিলাদের নিশানা করে ফের 'বুল্লি বাই’ অ্যাপ আবিভূত হয়েছে। এই অ্যাপ মুসলিম নারীদের বিক্রি করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। তবে বিষয়টি প্রকাশ্যে আসতেই সুল্লি ডিলসের মতোই এই অ্যাপটিও ব্লক করা হয়েছে।

সরব রাজনৈতিক মহল
১ জানুয়ারি এই বুল্লি অ্যাপ সামনে আসতেই দেখা যায় যে সাংবাদিক, সমাজ কর্মী, পড়ুয়া ও বিশিষ্ট মহিলা ব্যক্তিদের একাধিক ছবি সহ অবমাননাকর লেখা রয়েছে তাতে। শিবসেনার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী শনিবার জানিয়েছেন যে হোস্টিং প্ল্যাটফর্ম গিটহাব ব্যবহার করে এই অ্যাপে শত শত মুসলিম নারীদের ছবি আপলোড করা হয়েছে। চতুর্বেদী জানিয়েছেন যে তিনি গোটা বিষয়টি মুম্বই পুলিশকে জানাবেন এবং দ্রুত যাতে দোষীরা গ্রেফতার হন তার দাবি করবেন।

সুল্লি ডিলস বিতর্ক
গত বছরের ৪ জুলাই 'সুল্লি ডিলস' নামে একটি অ্যাপ মাথা চাড়া দিয়ে ওঠে। হোস্টিং প্ল্যটফর্ম গিটহাবে অঞ্জাতপরিচয় এক দল এটি তৈরি করে। এই অ্যাপে মুসলিম নারীদের মুখের ছবি ও তার নীচে ট্যাগলাইন থাকত 'আজকের জন্য সুল্লী চুক্তি'। মুসলিম মহিলাদের বিরুদ্ধে বলা আপত্তিজনক এক শব্দ হল 'সুল্লি'। অ্যাপ প্রস্তুতকারকরা মহিলাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে অবৈধভাবে তাঁদের ছবি নিয়ে এই অ্যাপে ব্যবহার করত এবং পুরুষদের এই নিলামে অংশ নেওয়ার জন্য রাজি করাতো। এই অ্যাপের বিরুদ্ধে দিল্লি ও উত্তরপ্রদেশ পুলিশের কাছে ২টি এফআইআর দায়ের করা হয়। গত বছর এই অ্যাপ নিয়ে বিতর্ক শুরু হয়, কিন্তু কোনও পদক্ষেপ এই অ্যাপ নির্মাতাদের বিরুদ্ধে নেওয়া হয়নি। যদিও এই অ্যাপটি ব্লক করে দেওয়া হয়েছিল।

বুল্লি বাই অ্যাপ কি
এর ঠিক ৬ মাস পর ২০২২ সালের ১ জানুয়ারি 'সুল্লি ডিলস' অ্যাপের মতোই কাজ করে এরকম আরও একটি অ্যাপ সামনে আসে, যার নাম 'বুল্লি বাই'। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী জানিয়েছেন যে এই অ্যাপটি খোলার পরই বুল্লি বাই হিসাবে একাধিক মুসলিম মহিলাদের মুখ দেখা যাবে। টুইটারে মুসলিম নারীদের জোরদার উপস্থিতি রয়েছে, তাঁদের খুঁজে বের করে সেই ছবি বুল্লি বাই অ্যাপে ব্যবহার করা হচ্ছে। আগের অ্যাপের মতোই এই অ্যাপের হোস্টিং প্ল্যাটফর্ম গিটহাব।

সাংবাদিকের অভিযোগ
সম্প্রতি দিল্লির এক সাংবাদিকের ছবি দেখা যায় 'বুল্লি বাই' নামক অ্যাপটিতে। তারপরই এই অ্যাপটি নিয়ে তোলপাড় শুরু হয়। দিল্লি পুলিশ সূত্রে খবর, অভিযোগকারী মহিলা সাংবাদিক তাঁর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, মুসলিম মহিলাদের হেনস্থা ও অপমান করার উদ্দেশ্যে এই অ্যাপটি চালু করা হয়েছে। গত বছর সুল্লি ডিলস নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর উত্তরপ্রদেশ ও দিল্লিতে দু'টি এফআইআর দায়ের করা হলেও তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। বুল্লি বাই অ্যাপটিকে টুইটারেও প্রচার করা হয়েছে এবং সেখানে ডিসপ্লে পিকচার হিসাবে দেওয়া হয়েছে 'খলিস্তানি সমর্থক'-এর এবং বলা হয়েছে এই অ্যাপের মাধ্যমে মহিলাদের বুক করা হয়।

এখনও পর্যন্ত কি পদক্ষেপ করা হয়েছে
দিল্লি পুলিশে অভিযোগ জানিয়ে সেই মহিলা সাংবাদিক একটি চিঠি দেন। সেই অভিযোগ পত্রে তিনি লেখেন, '১ জানুয়ারি বুল্লিবাই.গিটহাব.আইও নামক এক ওয়েবসাইটে আমার বিকৃত একটি ছবি দেখতে পাই। তা দেখে আমি অবাক হয়ে যাই। অশ্লীল সেই ছবিটি অগ্রহণযোগ্য। আমার মতো স্বাধীনচেতা মহিলা সাংবাদিকদের হেনস্থা করার উদ্দেশ্যেই এই কাজ করা।' দিল্লি পুলিশ জানিয়েছে দক্ষিণ-পূর্ব জেলার সাইবার পুলিশের কাছে ৫০৯ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই অ্যাপ নিয়ে শোরগোল পড়ে যাওয়ার পর কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, 'গিটহাব (এটি মাইক্রসফ্টের তৈরি সফ্টওয়্যার শেয়ারিং প্ল্যাটফর্ম, যা ব্যবহার করে 'বুল্লি বাই' অ্যাপটি চালানো হত)-এর তরফে অ্যাপ ব্যবহারকারীকে ব্লক করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে ৷ সিইআরটি (কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম) এবং পুলিশ প্রশাসন পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ৷' তবে জানা গিয়েছে ইতিমধ্যেই এই অ্যাপটি ব্লক করা হয়েছে।












Click it and Unblock the Notifications