পুরুষদের সমস্যায় লেবু, মহিলাদের সমস্যায় চুমু দিয়ে গ্রেফতার 'কিসিং বাবা'
হায়দ্রাবাদ, ২৭ ডিসেম্বর : ভক্তদের সমস্যায় নাকি সবসময় পাশে পাওয়া যেত তাঁকে। যে কোনও অসুখ বা অসুবিধায় মহিলা ভক্তদের জড়িয়ে ধরে বা চুমু দিয়ে সমস্যার সমাধান করে দেওয়ার দাবি করতেন তিনি। তাই তিনি পরিচিতই ছিল 'কিসিং বাবা' নামে। কিন্তু চুমু দিয়ে নিজের উপর আসা বিপদ আটকাতে পারলেন না স্বঘোষিত সেই ধর্মগুরু । অন্ধ্র পুলিশ ওই ভণ্ড বাবাকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার রাতে অন্ধ্রর কাদাপাড়া জেলা থেকে ওই ভণ্ড গুরুকে গ্রেফতার করে পুলিশ।

শুক্রবারদিন আদালতে তোলা হয় কিসিং বাবাকে। আদালত তাকে ২ সপ্তাহের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে। এর পাশাপাশি মনোদশা জানতে ওই বাবাজিকে মানসিক হাসপাতালে চিকিৎসা করানোর কথা জানিয়েছে আদালত।
পুলিশ জানিয়েছে, ওই ভণ্ড বাবার পাশাপাশি সুব্বা রেড্ডি নামে আর এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এই ব্যক্তি জেলায় এই ভণ্ড বাবার প্রচারের কাজ করত। সে সবাইকে বলে বেড়াত কিসিং বাবা জীবনের কষ্ট, আর্থিক সমস্যা এবং গার্হস্থ্য সমস্যার সমাধান করতে পারে।
আইয়াপ্পা মন্দিরের পিছনে একটি ঘর থেকে নিজের এই সব ভন্ডামির কাজকর্ম চালাত বাবা।
একটি টেলিভিশন চ্যানেলে বাবার মহিলা ভক্তদের চুমু দেওয়া ও জড়িয়ে ধরার দৃশ্য দেখে পুলিশ এই ভণ্ড তপস্বীকে ধরতে অভিযান চালায়। পুরুষ ভক্তদের ক্ষেত্রে মাত্র একটি লেবু দিতেন বাবা আর মহিলা ভক্তদের সঙ্গে অভদ্র আচরণ করতেন। এরপরেই অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
একইসঙ্গে পুলিশ, এধরণের ভণ্ড বাবাদের পাল্লায় না পড়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন।












Click it and Unblock the Notifications