কেরল : র্যাগিংয়ের নামে বিবস্ত্র করে অত্যাচার, কিডনি নষ্ট ছাত্রের !
পলিটেকনিক কলেজে র্যাগিংয়ের নামে অকথ্য অত্যাচারের জেরে নষ্ট হল কেরলের ছাত্রের কিডনি। অভিযুক্ত ৯ জনের মধ্যে গ্রেফতার ৫। বাকি পলাতক।
কোট্টয়ম, ১৯ ডিসেম্বর : পলিটেকনিক কলেজে র্যাগিংয়ের নামে অকথ্য অত্যাচারের জেরে কেরলের থিসুরে হাসপাতালে ভর্তি করতে হল ২২ বছরের এক ছাত্রকে। অন্য এক ছাত্রকে কোচিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোট্টায়ম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ওএস অবিনাশ সিনিয়রদের র্যাগিংয়ে শিকার হন। অবিনাশ-সহ ৮ ছাত্রকে জামাকাপড় খুলে টানা ৫ ঘন্টা ধরে কঠোর এক্সারসাইজ করানো হয়। যার জেরে অসুস্থ হয়ে পড়েন অবিনাশ। ঘটনাটি ঘটে গত ২ ডিসেম্বর।

সোমবার সকালে অভিযুক্ত ন'জনের মধ্যে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।
হাসপাতালের তরফে জানানো হয়েছে, শরীর চর্চার তীব্রতার কারণে অক্সিজেন সম্বৃদ্ধ প্রোটিন মায়োগ্লোবিন উৎপন্ন হয় অবিনাশের শরীরে। যার জেরে তার কিডনি নষ্ট হয়ে গিয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ইতিমধ্য়ে অবিনাশের ডায়ালিসিস চালু করা হয়েছে, আগের থেকে অবস্থার উন্নতি হয়েছে অবিনাশের।
অবিনাশ জানিয়েছেন, "আমাদের ৯ জন ছাত্রকে নগ্ন করে ঘন্টার পর ঘন্টা ধরে সামারসল্ট এবং একইধরনের অ্যাক্রোব্যাটিক্স করতে বাধ্য করা হয়। অনেকে যখন অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়তে শুরু করে, তাতেও অব্যাহতি মেলেনি। মাটির উপর আমাদের সাঁতার কাটতে বলা হয়। অনেককে বদ্ধ জায়গায় বন্ধ করে ঘন্টার পর ঘন্টা চিৎকার করে গান গাইতে বলা হয়।"
অসুস্থ অবস্থায় থিসুরে বাড়ি ফেরে অবিনাশ। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। ১৫ ডিসেম্বর অবিনাশের বন্ধুদের কাছ থেকে র্যাগিংয়ের বিষয়ে জানতে পারেন অবিনাশের বাবা। তারপরই তিনি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত ৯ সিনিয়র ছাত্রের মধ্যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।












Click it and Unblock the Notifications