Kerala Blast: কেরল বিস্ফোরণে মৃত বেড়ে ২, আত্মসমর্পণ একজনের! অভিযুক্তের নামপ্রকাশ এডিজিপির
কেরলের কালামাসেরির জামরা ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে বোমা বিস্ফোরণে বড় সাফল্য পুলিশের। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, কেরলের এডিজিপি (আইনশৃঙ্খলা) এমআর অজিথ কুমার জানিয়েছেন, এক ব্যক্তি বিস্ফোরণের দায় নিয়ে ত্রিশুর গ্রামীণ কোদাকারা থানায় আত্মসমর্পণ করেছেন।
আত্মসমর্পণকারী ব্যক্তি নিজেকে দমিনিক মার্টিন নামে পরিচয় দিয়েছেন। আত্মসমর্পণকারী ব্যক্তি দাবি করেছেন তিনি একই বৈঠকের একটি গ্রুপের সঙ্গে যুক্ত। এডিজিপি বলেছেন, পুলিশ এব্যাপারে তদন্ত করে দেখছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ করা যেতে পারে এদিন কেরলের কোচির একটি কনভেনশন সেন্টারে প্রার্থনা সভা চলাকারীন বিস্ফোরণ হয়। সেই সময় সেখানে প্রায় হাজার দুয়েক মানুষের উপস্থিতি ছিল বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিস্ফোরণের জন্য যে ডিভাইস ব্যবহার করা হয়েছিল, তা আইইডির মতোই। সেখানে একটি ছোট বিস্ফোরণের পরেই আগুন ধরে যায়।
কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, কনভেনশন সেন্টারে বিস্ফোরণের ঘটনায় বিভিন্ন হাসপাতালে ৫২ জন ভর্তি হয়েছেন। কালামাসেরিতে ৩০ জন ভর্তি রয়েছেন। তাঁদের মধ্যে ১৮ জন আইসিইউতে ভর্তি রয়েছেন। ১২ বছরের একটি শিশু গুরুতর আহত হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দুই।
এদিন বিস্ফোরণের পরে কেরলের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিস্ফোরণের ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেছেন মুখ্যমন্ত্রী।
এদিকে কেরলে বিস্ফোরণের পরে হাই অ্যালার্ট জারি করেছে দিল্লি পুলিশ। সাধারণ মানুষের ভীড় যেসব জায়গায়, সেই জায়গাগুলিতে নজর রাখা হচ্ছে। স্পেশাল সেল গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে। কোনও খবরকেই হাল্কা ভাবে নেওয়া হচ্ছে না বলেও ইঙ্গিত করা হয়েছে দিল্লি পুলিশের তরফে।
অন্যদিকে কেরলের বিস্ফোরণের ঘটনায়, উত্তর প্রদেশ পুলিশের তরফে সব জেলাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সবকটি নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্ক করা হয়েছে।












Click it and Unblock the Notifications