বড় চমকের ছক কষছে বিজেপি, এবার গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন এই অ্যাথলিট
কেরল রাজনীতিতে ছাপ ফেলতে উঠে পড়ে লেগেছে বিজেপি। এবং এর লক্ষ্যে এবার বিখ্যাত অ্যাথলিট তথা অলিম্পিয়ান পিটি উষাকে দলে টানতে উদ্যোগী হয়েছে গেরুয়া শিবির। সম্প্রতি কৃষি আইন নিয়ে কেন্দ্র এবং বিজেপিকে সমর্থনও জানিয়েছিলেন পিটি উষা। তারপর থেকেই জল্পনা শুরু হয়েছিল। ওয়াকিবহল মহলের বক্তব্য, পিটি উষা যদি বিজেপিতে যোগ দেন, তাহলে তাতে অবাক হওয়ার কিছু নেই।

বিজেপিতে যোগ দিয়েছেন ভারতের 'মেট্রো ম্যান'
উল্লেখ্য, বিজেপিতে যোগ দিয়েছেন ভারতের 'মেট্রো ম্যান' হিসেবে পরিচিত ই শ্রীধরণ৷ দিল্লি মেট্রো-সহ দেশের একাধিক প্রকল্পের প্রধান ইঞ্জিনিয়ার ছিলেন তিনি৷ আগামী মে মাসে কেরালা বিধানসভা নির্বাচন৷ সেই নির্বাচনেও তিনি দাঁড়াতে চান বলে আশা প্রকাশ করেছেন ই শ্রীধরণ৷

কী বলেছেন শ্রীধরণ
তিনি জানিয়েছেন, দেশের বিরোধী দলগুলি অন্ধের মতো বিরোধিতা করে, তা তিনি পছন্দ করেন না৷ আর বিজেপি যে সব সমস্যাগুলিকে তুলে ধরে এগোচ্ছে, তিনি তার পূর্ণ সমর্থন করেন৷ ভারতের এই 'মেট্রো ম্যান' ২০১১ সালে দিল্লি মেট্রোর প্রধান পদে থেকে অবসর নিয়েছিলেন৷ সম্প্রতি তিনি বিজেপির মুখ্যমন্ত্রী পদ প্রার্থ হওয়ার ইচ্ছা প্রকাশও করেন।

কেরলে আরএসএস-এর প্রভাব
উল্লেখ্য, উত্তরপ্রদেশের পর কেরল হল দ্বিতীয় রাজ্য যেখানে সর্বাধিক সংখ্যায় আরএসএস এর শাখা রয়েছে। একদিকে যখন উত্তরপ্রদেশে শাসন করছে বিজেপি সরকার, তখন অন্যদিকে কেরলে বিজেপির একজন মাত্র বিধায়ক রয়েছেন। কেরল নির্বাচনের ইতিহাসে প্রথমবার ২০১৬ সালে বিজেপি কোনও আসনে জয়লাভ করে। কেরল প্রায় ৫ হাজারের বেশি আরএসএস-এর শাখা রয়েছে। কিন্তু আরএসএস-এর শাখার এই ব্যাপক উপস্থিতি বিজেপির জন্য ভোট তৈরি করতে পারেনি। ২০০৬ সাল পর্যন্ত কংগ্রেস বা সিপিএমের ভোট ব্যাঙ্কে ভাঙন ধরাতে পারেনি।

এলডিএফ অথবা ইউডিএফ এর থেকে অনেকটা পিছিয়ে বিজেপি
কেরলে বিজেপির রাজনৈতিক ইতিহাসের দিকে যদি তাকানো যায়, তাহলে দেখা যাবে যে ২০০৬ সালের পর থেকে বিজেপি সেখানে ক্রমশ শক্তি বৃদ্ধি করতে শুরু করে। তখনও পর্যন্ত কেরলের ১৪০টি বিধানসভা কেন্দ্রের অধিকাংশতে বিজেপি মাত্র ৫ হাজার থেকে ১০ হাজার ভোট পাচ্ছিল। তাদের এলডিএফ অথবা ইউডিএফ এর থেকে অনেকটা নিচে তৃতীয় স্থানে থেকেই সন্তুষ্ট থাকতে হত।

উদারবাদী কেরলের বিশ্বাস জয় করার কাজ
উদারবাদী কেরলের বিশ্বাস জয় করার কাজে হাল অবশ্য ছেড়ে দেয়নি বিজেপি। সেই রাজ্যের বিজেপি ও আরএসএস নেতৃত্ব বুঝতে পেরেছিল যে বড় এলাকাগুলিতে যুদ্ধ করার চেয়ে ছোট অঞ্চলগুলিতে কঠিন লড়াই করার গুরুত্ব বেশি। এই ধরনের এলাকাগুলির জাতি ও সম্প্রদায়গত শক্তি বিশ্লেষণ করা হয়। সেই সমীকরণেই বিজেপি ক্রমে ১৭ শতাংশ ভোটের পর্যায়ে পৌঁছেছে কেরলে। এবার উদারবাদী শহরকেন্দ্রিক ভোটারদের মন জয় করতে শ্রীধরণ, পিটি উষাদের দলে নিচ্ছে বিজেপি।












Click it and Unblock the Notifications