দিল্লি সরকারকে ফেলে দেওয়ার হুমকি বিদ্রোহী বিন্নির

দলবিরোধী কার্যকলাপের অভিযোগে কিছুদিন আগে বিনোদকুমার বিন্নিকে বহিষ্কার করা হয়েছিল। তার পরই বোঝা গিয়েছিল, তিনি ভিতরে-ভিতরে ঘোঁট পাকাচ্ছেন। শেষ পর্যন্ত সেটাই স্পষ্ট হল।
বিদ্রোহী বিন্নির অভিযোগ, ক্ষমতায় আসার আগে অনেক বড়-বড় কথা বলেছিল আমআদমি পার্টি। সব কথা রাখেনি তারা। মানুষকে বোকা বানানো হয়েছে। মেয়েদের নিরাপত্তা, ২০১০ সালের কমনওয়েলথ কেলেঙ্কারি তদন্ত ইত্যাদি নিয়ে তাদের মুখে কোনও কথা নেই। এর ফলে তিনি 'ব্যথিত' বোধ করছেন। তাই 'জনগণের স্বার্থে' কড়া সিদ্ধান্ত নিতে পিছপা নন তিনি।
লক্ষ্মীনগরের এই বিধায়কের আরও দাবি, সংযুক্ত জনতা দলের বিধায়ক শোয়েব ইকবাল এবং নির্দল বিধায়ক রণবীর সোকিন তাঁর সঙ্গে রয়েছেন।
এটা যদি সত্যি হয়, তা হলে কেজরিওয়ালের সামনে ঘোর বিপদ। কারণ, ৭০ সদস্যবিশিষ্ট দিল্লি বিধানসভায় আমআদমি পার্টির বিধায়ক হল ২৮ জন। সরকার চালাতে গেলে দরকার ৩৬ জন বিধায়কের সমর্থন। বাইরে থেকে কংগ্রেসের ৮ জন বিধায়ক সমর্থন করছেন। এছাড়া শোয়েব ইকবাল ও রণবীর সোকিনের সমর্থন পেয়ে অরবিন্দ কেজরিওয়ালের সরকার ৩৮ জনের সমর্থন ভোগ করছে। তিনজন বিধায়ক সমর্থন তুলে নেওয়ার অর্থ হল, সংখ্যাটা ৩৫ হয়ে যাবে। সেক্ষেত্রে বিধানসভায় ভোটাভুটিতে হেরে গেলে সরকারটাই পড়ে যাবে।
ওয়াকিবহাল মহলের ধারণা, বিনোদকুমার বিন্নির সঙ্গে গোপন আঁতাঁত হয়েছে কংগ্রেসের। শলা করেই এ ধরনের হুমকি দিচ্ছেন তিনি।












Click it and Unblock the Notifications