Kedarnath: কেদারনাথে মদ-মাংসের দোকান! শৈবক্ষেত্রে অহিন্দুদের নিষিদ্ধ করার দাবি; তুঙ্গে বিতর্ক
Kedarnath: এবার শৈবক্ষেত্র কেদারনাথে অহিন্দুদের (Non Hindus) নিষিদ্ধ করার দাবি উঠল। দাবি তুললেন খোদ কেদারনাথের বিধায়ক আশা নওটিয়াল (Asha Nautiyal)। তাঁর অভিযোগ, অহিন্দুদের বেশকিছু কার্যকলাপে স্থানীয়দের ধর্মীয় বিশ্বাসে আঘাত করা হচ্ছে। বিধায়কের এহেন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে কংগ্রেস। বিধায়ক পদের মর্যাদা ক্ষুণ্ণ করা হচ্ছে বলে কটাক্ষ হাত শিবিরের।
রবিবার সংবাদমাধ্যমে বিধায়ক আশাদেবী বলেন, "স্থানীয়দের সঙ্গে বৈঠকে বসে জানতে পারি কেদারনাথে ধর্মীয় ভাবাবেগকে আঘাত করছেন অহিন্দুরা। গোটা বিশ্বের নানা প্রান্ত থেকে বাবা কেদারের পুজোয় আসেন ভক্তরা। সেখানে অহিন্দুদের যাওয়া নিষিদ্ধ ঘোষণা করা হোক। স্থানীয় ব্যবসায়ীরাও এব্যাপারে দীর্ঘদিন তাদের দাবি জানিয়ে আসছেন।" চারধামেই যেখানেই হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হবে, সেখানেই অহিন্দুদের নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান বিধায়ক।

বিজেপি বিধায়কের এই মন্তব্যেই শোরগোল পড়ে গিয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও। বিজেপির মিডিয়া ইন চার্জ মানবীর সিং চৌহান অবশ্য স্বাভাবিকভাবেই দলের বিধায়কের মন্তব্যকে সমর্থন করেছেন। তাঁর মতে, "হিন্দুদের ধর্মীয় ভাবাবেগ জড়িয়ে রয়েছে। সনাতন ধর্মে এই চারধামের গুরুত্ব অপরিসীম। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এখানে।"
বিজেপি নেতার কথায়, "স্থানীয় ব্যবসায়ীরাও দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে কেদারনাথ ধামে মদ থেকে শুরু করে মাংসও বিক্রি হচ্ছে। বিগত কয়েক বছর ধরেই মুসলিমরা প্রবেশ করে এখানে মাংস বিক্রি করতে শুরু করেছে। এই পবিত্র ধর্মীয় স্থানে মাংস বিক্রি করা একেবারেই সঠিক নয়। অন্যান্য ব্যবসার আড়ালে মদের দোকানও খোলা হয়েছে বলে অভিযোগ এসেছে।"
রাজ্যের আবগারি দফতরের নির্দেশিকা অনুযায়ী, ধর্মীয় স্থানগুলিকে মদের দোকান সম্পূর্ণ নিষিদ্ধ। যদিও বিজেপি বিধায়কের ও মন্তব্যের তীব্র বিরোধিতা জানিয়েছে কংগ্রেস। উত্তরাখণ্ডের কংগ্রেস সভাপতি করণ মেহরা বলেন, "রাজনৈতিক মাইলেজ পাওয়ার জন্য একজন বিধায়ক এসব বলছেন। কোনও একটি ধর্মের ভিত্তিতে সঠিক ভুল বিচার করা ঠিক নয়। উনি সংবিধান মেনে শপথ নিয়েছেন। সেখানেই বলা রয়েছে আইনের সামনে সকলে সমান।"












Click it and Unblock the Notifications