সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে ফের উত্তপ্ত ভূস্বর্গ, এনকাউন্টারে খতম ৫ সন্ত্রাসবাদী
সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে ফের উত্তপ্ত ভূস্বর্গ, এনকাউন্টারে খতম ৫ সন্ত্রাসবাদী
প্রথমে সোপিয়ান, তারপর পুলওয়ামা, এবার ফের সোপিয়ান। নতুন বছরে শুরু থেকেই সেনা জঙ্গি সংঘর্ষের জেরে বারংবার উত্তপ্ত হয়েছে ভূস্বর্গ। তবে প্রতিবারই বড়সড় সাফল্য হাতে এসেছে ভারতীয় সেনার। এবার জঙ্গি ও সেনাবাহিনীর গুলির লড়াই বৃহস্পতিবার সারাদিন উত্তপ্ত উপত্যকা। সূত্রের খবর, কাশ্মীরের ত্রল ও সোপিয়ানে একটানা গুলির লড়াইয়ে খতম হয়েছে পাঁচ জঙ্গি। শুক্রবার সকালে সেনা সূত্রে এমনটাই জানানো হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের একাধিক জঙ্গি গতিবিধির কথা কানে আসে ভারতীয় সেনা। গোপন সূত্রে খবর পেয়ে, গতকালই গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে জম্মু কাশ্মীর পুলিশ ও সেনার বিশেষ যৌথ টিম। তল্লাশি চালানো হয় ত্রলেও। সূত্রের খবর, সেই সময়ই আচমকা গুলি চালাতে শুরু করে গা ঢাকা দিয়ে থাকা জঙ্গিরা। সেনার তরফে পাল্টা জবাব দেওয়া হলে শুরু হয় গুলির লড়াই। তখনই মারা যায় ৫ জঙ্গি। তবে তারা প্রত্যেকে কোন জঙ্গি সংগঠনের সদস্য সেই বিষয়ে খোঁজ চলছে। এদিকে গুলির লড়াই চলাকালীন পাঁচ জওয়ানও গুরুতর ভাবে জখম হয়েছেন বলে জানা যাচ্ছে।
এদিকে, দিন কয়েক আগেই সেনা জঙ্গির গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে ওঠে কাশ্মীরের পুলওয়ামা। পুলওয়ামার কাকাপোরায় সেনার গুলিতে নিকেশ হয় তিন জঙ্গি। এবার সোপিয়ানেও পাঁচ জঙ্গি খতম হওয়ায় স্বভাবতই খুশির হাওয়া উপত্যাকার সেনা মহলে।জম্মু পুলিশের তরফে জানা গিয়েছে, গত কয়েকমাসে জঙ্গি দমনে প্রায় ২০ টির বেশি অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। এদিকে লাগাতার সেনা অভিযানে বর্তমানে গোটা কাশ্মীর জুড়েই অনেকটাই কোনঠাসা জঙ্গি সংগঠনগুলো।












Click it and Unblock the Notifications