কাশ্মীর অশান্তির জন্য দায়ী পাকিস্তান, সাফ জানালেন মেহেবুবা মুফতি
নয়াদিল্লি, ২৭ অগাস্ট : হিজবুল মুজাহিদিন জঙ্গি আবদুল বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই কার্যত উত্তপ্ত গোটা কাশ্মীর উপত্যকা। এই জঙ্গির মৃত্যুর পর থেকে উপত্যকার বিভিন্ন প্রান্তে হিংসা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন এলাকায় কার্ফু জারি করা হয়। বিগত ৪৯ দিন ধরে সেই কার্ফু জারি রয়েছে। তবে পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। শনিবার জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি দিল্লি সফরে আসেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা করেন মেহেবুবা মুফতি।
এদিনের বৈঠক শেষে সাংবাদিক দের প্রশ্নের জবাবে মেহেবুবা মুফতি জানান, কাশ্মীর পরিস্থিতি নিয়ে আমাদের মতো প্রধানমন্ত্রীও অত্যন্ত চিন্তিত। এর পরে সাংবাদিকরা যখন তাঁকে প্রশ্ন করেন কাশ্মীর পরিস্থিতি জন্য দায়ী কে? এর উত্তরে কাশ্মীরের মুখ্যমন্ত্রী জানান, "কাশ্মীরে যে অশান্তি চলছে তার জন্য দায়ী পাকিস্তান। তাদের মদতেই এই অশান্তি চলছে"। এদিনের বৈঠক শেষে মেহেবুবা মুফতি স্পষ্টত জানিয়ে দেন, উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে সবার সঙ্গে আলোচনায় বসতে রাজি আছে সরকার। কিন্তু যারা এই অশান্তির পিছনে রয়েছে তাদের সঙ্গে কোনও আলোচনা করবে না সরকার। এর মধ্য দিয়ে বিচ্ছ্ন্নতাবাদী এবং কট্টরপন্থী নেতাদের উদ্দেশ্যে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

প্রসঙ্গত বর্তমানে কাশ্মীরের পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করেছে। উপত্যকার বিভিন্ন প্রান্তে সেনার সেনা, জনতা এবং বিক্ষাভকারীদের খণ্ডযুদ্ধে পুলিসকর্মী সহ প্রায় ৭০ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে মেহেবুবা মুফতির দিল্লি সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এর আগে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষে মেহবুবা মুফতি মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছিলেন। উপত্যকার বিচ্ছিন্নতাবাদী নেতাদের কাছে আর্জি জানিয়েছিলেন,উপত্যকায় শান্তি বজায় রাখার জন্য। কিন্তু তাতেও কোনও ফল মেলেনি।
এদিকে মেহেবুবা মুফতি যখন দিল্লিতে বৈঠকের জন্য আসছেন ঠিক সেই সময়ে আবারও একবার অশান্ত হল কাশ্মীর। শনিবার সকালেই পুলওয়ামা জেলায় জঙ্গির গুলিতে মৃত্যু হল এক পুলিশকর্মীর। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে খুরশিদ আহমেদ নামের এক পুলিসকর্মী যখন কাজে যোগ দেওয়ার জন্য বাড়ি থেকে যাচ্ছিলেন সেই সময়ে এক জঙ্গি তাঁকে খুব কাছ থেকে গুলি করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পুলিশকর্মীর।












Click it and Unblock the Notifications