'কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়', পাকিস্তানকে কড়কে মোদী সরকারের পাশে রাহুল
কাশ্মীর নিয়ে মত বদল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। মোদীর বিরোধিতা করে পাকিস্তানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন রাহুল।
কাশ্মীর নিয়ে বিরোধীরা যতই কেন্দ্রকে বিঁধুক পাকিস্তানের কথায় সহমত হবে না। মোদীর বিরোধিতা করে পাকিস্তানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন রাহুল গান্ধী। তবে বুধবার সেই রাহুলই পাকিস্তানকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কাশ্মীর ভারতের অভ্যন্তরীন বিষয়। কাশ্মীরে হিংসায় প্ররোচনা দিচ্ছে পাকিস্তান। যার অর্থ, জাতীয়তাবাদ সর্বাগ্রে তা ফের একবার বিরোধী দলের নেতা হিসাবে রাহুল প্রমাণ করলেন।

কাশ্মীর নিয়ে কংগ্রেস শিবিরে উল্টো সুর
কাশ্মীর থেকে ৩৭০ ধারা এবং ৩৫(এ) ধারা বিলোপ করার পর থেকে সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল কংগ্রেস। অমিত শাহ যেদিন সংসদে ৩৭০ ধারা বিলোপের কথা ঘোষণা করেন সেদিন সভা ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। বিরোধিতায় সোচ্চার হয়েছিলেন গুলাম নবি আজাদ সহ একাধিক কংগ্রেস নেতা। যদিও দলের মধ্যে এই নিয়ে মত বিরোধ তৈরি হয়েছিল। তাতে আবার রুষ্টও হয়েছিল হাইকমান্ড। শৃঙ্খলা ভঙ্গের অপরাধে কোর কমিটির বৈঠকে রীতি মতো তুলোধনা করা হয়েছিল নেতাদের। সেই কংগ্রেসই এখন কাশ্মীর নিয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি দিচ্ছে।

কাশ্মীর নিয়ে হুঁশিয়ারি রাহুলের
কয়েকদিন আগে পর্যন্ত কাশ্মীর সিদ্ধান্ত নিয়ে মোদী সরকারের তীব্র বিরোধিতা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তারপরেই কাশ্মীরের পরিস্থিতি কী তা জানতে শ্রীনগরে গিয়েছিলেন তিনি এবং একাধিক বিরোধী রাজনৈতিক দলের নেতারা। কিন্তু শ্রীনগর বিমানবন্দর থেকেই ফিরিয়ে দেওয়া হয় তাঁদের। কিন্তু পাকিস্তান রাষ্ট্রপুঞ্জে ভারতের বিরোধিতা করে যে নালিশ ঠুকেছে রাহুল হঠাৎ করে তার বিরোধিতা করতে শুরু করেছেন। তিনি দাবি করেছেন, ‘কাশ্মীর নিয়ে ভারতের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছে পাকিস্তান। তিনি আরও বলেছেন, একাধিক ইস্যুতে সরকারের সঙ্গে আমার বিরোধিতা আছে ঠিকই, তবে কাশ্মীর একান্ত ভাবেই ভারতের অভ্যন্তরীন বিষয়। এখানে পাকিস্তান বা অন্য কোনও দেশের হস্তক্ষেপের কোনও জায়গা নেই।'

পাক বিরোধিতায় রাহুল
পাকিস্তান ভারতের বিরোধিতা করলেও লোকসভা ভোটের আগে থেকেই রাহুল বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন পাকিস্তানে। মোদীর বিরোধিতায় পাকিস্তানের নেতারা রাহুল গান্ধীকেই সমর্থন করতেন। এই নিয়ে বিজেপি শিবির উষ্মা প্রকাশ করে বলেছিল, রাহুল এখন পাকিস্তানেরই নেতা। ঠিক তার পরেই কাশ্মীর নিয়ে সরকারের বিরোধিতা রাহুলের সমর্থন বাড়িয়ে দিয়েছিল পাকিস্তানে। কিন্তু হঠাৎ করে বদলে গিয়েছে সুর। কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাবি করেছেন, জম্মু-কাশ্মীরে যে হিংসা ছড়াচ্ছে তাতে প্ররোচনা দিচ্ছে পাকিস্তান। তাঁর আরও দাবি গোটা বিশ্বেই সন্ত্রাসবাদ এবং জঙ্গি হামলায় মদত দিচ্ছে পাকিস্তান।
রাহুলের এই বক্তব্যের পরেই সুর বদলেছেন কংগ্রেসের আরেক নেতা শশী থারুর। তিনি টুইটে পাকিস্তানের সমালোচনা করে বলেছেন, ‘কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের বিরোধিতা আমরা করেছিল, কারণ যে পদ্ধতিতে মোদী সরকার এই কাজটি করেছে সেটা ভীষণভাবে অনৈতিক এবং অগণতান্ত্রিক ছিল। কিন্তু পাকিস্তান যেভাবে কাশ্মীরে হিংসা ছড়াচ্ছে তা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।'












Click it and Unblock the Notifications