Honey-trapped: রাজ্যের ৪৮ মন্ত্রী-বিধায়ক মধুচক্রের ফাঁদে! জাল বিস্তার ভিনরাজ্যেও, বিস্ফোরক অভিযোগ মন্ত্রীর
Karnataka: বিস্ফোরক অভিযোগ কর্ণাটকের মন্ত্রীর। গত ২০ বছরে নাকি কর্ণাটকের কমপক্ষে ৪৮ জন বিধায়ক মন্ত্রী মধুচক্রের শিকার হয়েছেন। বৃহস্পতিবার এমনই অভিযোগ আনলেন কর্ণাটকের সমবায় মন্ত্রী কে এন রাজান্না। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরকে এনিয়ে তদন্ত করে দেখারও আর্জি জানিয়েছেন তিনি।
মূলত কর্ণাটক বিধানসভায় এদিনের বাজেট অধিবেশনে বিজয়পুরার বিজেপি বিধায়ক বসনাগৌড়া পাতিল বলেন, সমবায় মন্ত্রীকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। সংবাদসংস্থা এনআইকে তিনি বলেন, জনপ্রতিনিধিদের ব্ল্যাকমেল করার বাজে অভিসন্ধি চলছে এখানে। এদিকে সমবায় মন্ত্রীর নাম উঠে আসতেই আরও বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে আনেন রাজান্না।

মধুচক্রের রমরমার অভিযোগ করে মন্ত্রী বলেন, "কর্ণাটক নাকি সিডি ও পেনড্রাইভের ফ্যাক্টরি হয়ে গিয়েছে। এমনটা অনেকেই বলে থাকেন। এই অভিযোগ গুরুতর। টুমকুরের এক প্রভাবশালী মন্ত্রী মধুচক্রের শিকার হয়েছেন বলে কানাঘুষো চলছে। এব্যাপারে আমি অভিযোগ দায়ের করব। স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত গোটা অভিযোগ খতিয়ে দেখা ও তদন্ত করা।" কমপক্ষে ৪৩ জন এমন মন্ত্রী বিধায়কের ভিডিও সিডি ও পেনড্রাইভ বানিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
সমবায় মন্ত্রীর আরও অভিযোগ, "শুধু আমাদের রাজ্যই নয়, জাতীয় স্তরেও এই সমস্যা পৌঁছেছে। দেশজুড়ে নানান রাজনৈতিক দলের নানান নেতাদের জড়িয়ে দেওয়া হচ্ছে। আমার বিরুদ্ধে যে অভিযোগ, তা নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না। তবে স্বরাষ্ট্রমন্ত্রীকে লিখিত অভিযোগ জানাব। এটার যথাযথ তদন্ত হওয়া উচিত। কে বা কারা প্রোডিউসার ও ডিরেক্টর হিসেবে কাজ করছে তা তদন্ত করে বের করতে হবে। আমজনতার সবটা জানা উচিত।"
অভিযোগের ভিত্তিতে খুব শীঘ্রই উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হবে বলে জানান কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর। এদিন ভরা বিধানসভাতেই তিনি স্পষ্ট জানান, "কক্ষের মর্যাদা ধরে রাখতে হলে এই ইস্যুর যথাযথভাবে নিষ্পত্তি হওয়া প্রয়োজন। রাজান্না যদি লিখিতভাবে কোনও অভিযোগ জানান, সেক্ষেত্রে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেব। সত্য বাইরে আসা উচিত।"












Click it and Unblock the Notifications