আমার মাইনাস পয়েন্ট কী? মোদী-শাহের সিদ্ধান্তে বিদ্রোহী প্রাক্তন মুখ্যমন্ত্রী
বছর ঘুরলেই লোকসভা নির্বাচন! আর সেই নির্বাচনের আগে ফের একবার অগ্নিপরীক্ষা! আগামী ১০ মে কর্নাটক বিধানসভা নির্বাচন। বিজেপি সহ সবার কাছে এই নির্বাচন প্রেস্টিজিয়াস ফাইট। এই অবস্থায় আজ মঙ্গলবার বিজেপি তাঁদের প্রথম দফার তালিকা প্রকাশ করেছে।
আর এর মধ্যেই রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার ঘোষণা করেছেন বর্ষীয়ান বিজেপি নেতা কে এস ঈশ্বরাপ্পা (KS Eshwarappa)। যা নিয়ে প্রবল চাপের মুখে কর্নাটক বিজেপি। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিদ্রোহ বিজেপিতে।

ক্ষুব্ধ বিজেপি বিধায়ক এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টার ( Jagadish Shettar )। তাঁর দাবি, দল নাকি অন্যকে জায়গা করে দেওয়ার জন্যে তাঁকে বলেছে। এমনকি টিকিট পাওয়ার সম্ভাবনাও নাকি কম।
নেতৃত্বের কাছ থেকে এই বার্তা আসার পরেই কার্যত বিদ্রোহী হয়ে উঠেছেন এই বিজেপি বিধায়ক। বিজেপি নেতৃত্বকে প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টার প্রশ্ন, আমার মাইনাস পয়েন্ট কি? আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অতীতের কথা তুলে ধরেছেন এই বিজেপি নেতা।
তাঁর দাবি, গত ছয় নির্বাচনে আমি ২১ হাজারের বেশি ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছি। এমনকি দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁর কোনও দুর্নীতি কিংবা দাগ নেই বলেও জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
ফলে তাঁকে ফের একবার টিকিট দেওয়ার দাবি বিজেপি শীর্ষ নেতৃত্বকে শেট্টার জানিয়েছেন বলে জানা গিয়েছে। জগদীশ শেট্টার কর্নাটকের রাজনীতিতে যথেষ্ট প্রাসঙ্গিক একটি চরিত্র। সে রাজ্যের রাজনীতিতে বড় ভূমিকাও আছে তাঁর। উল্লেখ্য, কর্ণাটকের হুবলি কেন্দ্র থেকে এখনও পর্যন্ত ছয়বার জিতেছেন। এমনকি ২০১৮ সালে কর্নাটক বিধানসভা নির্বাচনে বর্ষীয়ান এই বিজেপি নেতা প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী মহেশ নালওয়াদকে ২১,০০০ এরও বেশি ভোটে পরাজিত করেছিলেন।
#WATCH | Union Home Minister Amit Shah leaves from BJP President JP Nadda's residence, in Delhi
— ANI (@ANI) April 11, 2023
BJP is likely to announce a list of its candidates for #KarnatakaElections2023 today pic.twitter.com/LF1BQ70pc5
তবে শেষ পর্যন্ত টিকিট তাঁকে না দেওয়া হলে অন্য পথে হাঁটারও ইঙ্গিত দিয়েছেন ওই বিজেপি নেতা। তবে শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তে তিনি যে ব্যথিত তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। বলে রাখা প্রয়োজন, দুর্নীতি সংক্রান্ত একটি মামলার কারণে ইয়েদুরাপ্পা মুখ্যমন্ত্রিত্ব ছাড়েন। সালটা ছিল ২০১১।
ইয়েদুরাপ্পা মুখ্যমন্ত্রিত্ব পদ ছাড়লেও তাঁর ঘনিষ্ঠকে সে পদে বসান। বসেন সদানন্দ গৌড়া। যদিও কিছুদিনের মধ্যেই একাধিক রাজনৈতিক পরিবর্তন ঘটে।

সেই সময়ে 'ইয়েদুরাপ্পা বিরোধী' জগদীশকে মুখ্যমন্ত্রী পদে বসানো হয়। কিন্তু পরবর্তীকালে তাঁর নেতৃত্ব সে রাজ্যে বিধানসভা নির্বাচন লড়লেও মুখ থুবড়ে পড়ে বিজেপি। আর সেই কারণেই কি সিদ্ধান্ত? তা এখনও স্পষ্ট নয়।












Click it and Unblock the Notifications