কর্নাটক নির্বাচন: হেলিকপ্টারে টাকা এসেছে তামিলনাড়ু থেকে, কংগ্রেসের অভিযোগের সারবত্তা পেল না কমিশন
কর্ণাটক নির্বাচনেও বাইরের রাজ্য থেকে নগদ আনার অভিযোগ উঠতে শুরু করে দিল। সোমবার স্থানীয় কংগ্রেস নেতা বিজয় কুমার দাবি করেন, তামিলনাড়ু থেকে হেলিকপ্টারে করে প্রচুর টাকা নিয়ে কর্নাটকে এসেছেন তামিলনাড়ু বিজেপির রাজ্য সভাপতি আন্নামালাই। তিনি টাকা ভর্তি হেলিকপ্টারে চড়ে উডুপিতে নেমেছেন বলে বিনয় কুমার অভিযোগ করেন।

কংগ্রেস দলের তরফে এই বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে বলেও বিনয় কুমার জানিয়েছেন। উডুপিতে এদিন কংগ্রেস ভবনে দলের তরফে নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়। এরপরই বিজেপির বিরুদ্ধে অন্য রাজ্য থেকে টাকা আনার অভিযোগ আনা হয়।
কংগ্রেসের দাবি, বিজেপি কর্নাটকের উপকূলবর্তী জেলাগুলিতে গত নির্বাচনে জয়লাভ করতে পারেনি। একতরফে মিথ্যা প্রচার চালালেও এবছরও তারা উপকূলবর্তী জেলাগুলির আসনে জয় পাবে না।

এদিকে আন্নামালাইয়ের বিরুদ্ধে অভিযোগের পরেই কমিশনের তরফে তল্লাশি চালানো হয়। কমিশনের তরফে চারটি আলাদা জায়গায় আলাদা দল তল্লাশি চালায়। তবে সেখানে কোনও অবৈধ বিষয় পাওয়া যায়নি।
এদিন সকালে নটা পঞ্চান্ন মিনিটে কর্নাটকের উডুপি জেলায় আন্নামালাইয়ের হেলিকপ্টার নামে। সঙ্গে সঙ্গেই কমিশনের ফ্লাইং স্কোয়াড টিম তাঁর ব্যাগ তল্লাশি করে। তাতে কিছু পাওয়া যায়নি। এবং তিনি কোনওরকম নির্বাচন বিধি ভঙ্গ করেছেন বলেও কমিশনের তরফে জানানো হয়নি।
বঙ্গ নির্বাচনের মতোই এবছর কর্নাটক নির্বাচনও জমে উঠেছে। দলবদল, টিকিট না পেয়ে বিক্ষোভ, দল থেকে পদত্যাগ, একে অপরের বিরুদ্ধে তোপ দাগা - এই সবই চলছে তাল মিলিয়ে। তার মাঝেই এবার নির্বাচনী রাজ্যে পাশের রাজ্য থেকে টাকা উড়িয়ে নিয়ে আসার অভিযোগ উঠল। এখন দেখার দিন যত এগোবে, তত আর কত ধরনের রোমাঞ্চকর ঘটনার সাক্ষী হয় কর্নাটক।












Click it and Unblock the Notifications