কংগ্রেসকে প্রথমে নিজেদের ঘর সাজাতে হবে! ২০২৪-এর নির্বাচন ও তৃতীয় ফ্রন্ট নিয়ে তাৎপর্যপূর্ণ কথা দেবেগৌড়ার
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বারে বারে বিরোধী ঐক্যের কথা বলছে কংগ্রেস। কিন্তু সেই সম্ভাবনা দেখা যাচ্ছে না। এমনটাই মন্তব্য প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জনতা দল সেকুলার প্রধান এইচডি দেবেগৌড়ার। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এদিন তিনি বলেছেন, কংগ্রেসকে প্রথমে তাদের ঘর সাজাতে হবে। কর্নাটক বিধানসভা নির্বাচনের প্রায় একমাস আগে এই দেবেগৌড়ার এই মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ।

বিরোধীদের সামনে অনেক বিকল্প, অনেক নেতা
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় দেবেগৌড়া বলেন, বিরোধী দলগুলির সামনে অনেক বিকল্প রয়েছে। পাশাপাশি তিনি বলেছেন, দেশে নেতার অভাব নেই। এছাড়াও তিনি কর্নাটকের নির্বাচন এবং সেখানে নিজের দলের প্রস্তুতি নিয়ে মন্তব্য করেছেন তিনি। প্রসঙ্গত কর্নাটকে জেডিএস হল তৃতীয় বড় শক্তি।

কর্নাটকে জেডিএস-এর প্রস্তুতি
কর্নাটক বিধানসভা নির্বাচনে জেডিএসের প্রস্তুতি সম্পর্কে জলের প্রধান দেবেগৌড়া বলেন, দল নির্বাচনে ভাল ফল করবে। তিনি বলেছেন, অনেকেই দুটি জাতীয় দলের দিকে নজর দেবেনষ কিন্তু জেডিএস তাদেরকে চমকে দেবে বলেও দাবি করেছেন তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রী জানিয়েছেন তারা পঞ্চরত্ন কর্মসূচির মাধ্যমে সামাজিক এবং উন্নয়নকে সামনে রেখে ভোট চাইছেন।

কংগ্রেস ও বিজেপিকে নিশানা
কংগ্রেস ও বিজেপিকে নিশানা করে তিনি বলেছেন জাতীয় দলগুলির মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার অভ্যাস রয়েছে। জনগণ বিষয়গুলি দেখেছে। তিনি বলেছেন কর্নাটকের বিধানসভা নির্বাচন আগামী বছরের লোকসভা নির্বাচনে ভিত্তি তৈরি করে দেবে। আগেও তা হয়েছে এবারও তাই হবে, বলেছেন তিনি।

বিভিন্ন সম্প্রদায়ের বিধায়ক রয়েছেন
সাধারণভাবে জেডিএসের বিরুদ্ধে প্রচার করা হয়, তারা ভোক্কালিগা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ। দেবেগৌড়া নিজেও ভোক্কালিগা সম্প্রদায় ভুক্ত। এছাড়াও পুরনো মহীশূর এলাকার মধ্যে সীমাবদ্ধ বলেও প্রচার করা হয়। এব্যাপারে দেবেগৌড়া বলেন, জাতীয় দলগুলি এই ধরনের প্রচার করে থাকে। তিনি জানান বরাবরই তাদের দলে রাজ্যের বিভিন্ন প্রান্তের বিভিন্ন সম্প্রদায়ের বিধায়ক রয়েছে।

প্রসঙ্গ তৃতীয় ফ্রন্ট
তৃতীয় ফ্রন্ট নিয়ে প্রশ্ন করা হলে, দেবেগৌড়া বলেন, তিনি তৃতীয় ফ্রন্ট কিংবা চতুর্থ ফ্রন্টে বিশ্বাস করেন না। তিনি বিশ্বাস করেন, তারা যাই করেন না কেন, দেশ ও গণতন্ত্রকে বাঁচাতে তারাই হবেন প্রথম ফ্রন্ট। প্রসঙ্গত বলে রাখা ভাল ১৯৯৬ সালে তিনি তৃতীয় ফ্রন্টের নেতা হিসেবে প্রধানমন্ত্রী হয়েছিলেন। তাঁর কার্যকালের মেয়াদ ছিল মাস দশেক।












Click it and Unblock the Notifications