Karnataka Election: লিঙ্গায়েত বনাম ব্রাহ্মণ, কর্নাটক ভোটের মুখে নয়া দ্বন্দ্ব দক্ষিণের রাজ্যে
কর্নাটকে ভোটের আগে কয়েকদিন আগে দল ছেড়ে অন্য দলে গিয়েছেন হেভিওয়েট নেতা জগদীশ শেট্টার। তিনি বিজেপি ছেড়ে কংগ্রেসের যোগদানের পরই ভোট হতে চলা কর্নাটকে নতুন এক বিতর্ক মাথাচাড়া দিয়েছে। তা হল লিঙ্গায়েত বনাম ব্রাহ্মণ দ্বন্দ্ব।

এমনিতে কর্নাটকে ভোট এলেই লিঙ্গায়েত নাকি ভোক্কালিগা নাকি অন্য কোনও গোষ্ঠীর হাতে নিয়ন্ত্রণ থাকবে তা নিয়ে বাজার গরম হয়। শেট্টার বিজেপি ছেড়ে যাওয়ার পরই আর এক নতুন দ্বন্দ্ব শুরু হয়েছে। তা হল লিঙ্গায়েত বনাম ব্রাহ্মণ।
জগদীশ শেট্টার নিজে একজন বড় লিঙ্গায়েত নেতা। তিনি অভিযোগ করেছেন, বিজেপি নেতা বিএল সন্তোষের কলকাঠি নাড়াতেই তাঁকে দল ছাড়তে হয়েছে। এবং ঘটনাচক্রে বিএল সন্তোষ হলেন একজন ব্রাহ্মণ নেতা। আর এই লিঙ্গায়েত বনাম ব্রাহ্মণ দ্বন্দ্ব নিয়েই ভোট রাজনীতি উত্তপ্ত কর্নাটকে। মূলত বিজেপির অভ্যন্তরেই জল ঘোলা হয়ে গিয়েছে অনেকটাই।
জগদীশ শেট্টার বিগত চার দশক ধরে কর্নাটকে বিজেপি সঙ্গে জড়িত ছিলেন। তিনি সেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীও থেকেছেন। তাঁর অভিযোগ, বিএল সন্তোষের কারণেই দল তাঁর ওপর ভরসা না রেখে তাঁকে অপমান করেছে। ফলে দলবদল করা ছাড়া তাঁর কাছে আর কোনও উপায় ছিল না।
লিঙ্গায়েত নেতা জগদীশ এই মুহূর্তে কংগ্রেসের প্রার্থী। আর সেজন্যই এটাকে ভোটের ইস্যু করেছে কংগ্রেস। বিজেপি থেকে কংগ্রেসে যাওয়া জগদীশই এখন এসব অভিযোগ করছেন। কংগ্রেসের বরাবরের বক্তব্য, বিজেপি কর্ণাটক রাজ্যে লিঙ্গায়েতদের বিপক্ষে সব সময় কাজ করেছে। জগদীশের ঘটনাই তার আরও এক মস্ত প্রমাণ। এমনটাই কংগ্রেসও মনে করছে।

এখন ঘটনা হল, বিজেপি হিন্দুত্ব অ্যাজেন্ডা নিয়ে এগোলেও কর্ণাটকে তাঁদের সবচেয়ে বড় শক্তি লিঙ্গায়েত ভোট। সেখানে যদি একবার ফাটল ধরে তাহলে বিজেপির পক্ষে কর্নাটকে সরকার তৈরি করা মুশকিল। সেটা কংগ্রেস ভালো করেই জানে। আর সেজন্যই জগদীশের বিজেপি ছেড়ে বেরিয়ে যাওয়াকে তাঁরা হাতিয়ার করেছে।
জগদীশ নিজে দাবি করেছেন, কর্নাটক বিজেপিতে ব্রাহ্মণদের লবি কাজ করছে। তাঁরাই কলকাঠি নেড়ে তাঁর পথে কাঁটা বিছিয়ে দিয়েছে। এক্ষেত্রে তিনি বিএল সন্তোষের পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর নামও করেছেন। যিনিও ঘটনাচক্রে একজন ব্রাহ্মণ। আর এখন এই ব্রাহ্মণ-লিঙ্গায়েত দ্বন্দ্ব নিয়েই জমজমাট কর্নাটকের ভোট রাজনীতি।












Click it and Unblock the Notifications