জেলের বেনিয়মের পর্দাফাঁস করে বদলি হয়েছিলেন, সেই ডি রূপাই রাষ্ট্রপতি পুরস্কারের সম্মানিত
শশীকলার পর্দাফাঁস করে রাজ্য সরকারের কোপদৃষ্টিতে পড়েও রাষ্ট্রপতি মেডেলে সম্মানিত করা হল ডি রূপাকে।
বেঙ্গালুরু সেন্ট্রাল জেলে শশীকলার পর্দাফাঁস করে রাজ্য সরকারের কোপদৃষ্টিতে পড়েছিলেন। জেলের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাঁকে পাঠানো হয়েছিল বেঙ্গালুরুর ট্রাফিক বিভাগে। কিন্তু শনিবার সেই 'লেডি কপ' ডি রূপাকেই রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত করা হল।

অবশ্য তাঁকে পুরস্কৃত করার সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়েছিল। জেলে শশীকলার রাজকীয় ব্য়বস্থা ফাঁস করার আগেই ডি রূপার সাহসিকতা ও নিষ্ঠার পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেইমতই শনিবার মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও অন্যান্য উচ্চ পদস্থ পুলিশ কর্তার উপস্থিতিতে তাঁকে মেডেল প্রদান করলেন রাজ্যপাল বাজুভাই বালা। উপস্থিত ছিলেন কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী রামালিঙ্গা রেড্ডি।
গত জুলাই মাসে, তৎকালীন ডিআইজি (কারা) ডি রূপা ডিজি (কারা)-কে রিপোর্ট জমা দেন। রিপোর্টে বলা হয়, শশীকলার জন্য বেঙ্গালুরু সেন্ট্রাল জেলে রাজকীয় ব্যবস্থা করা হয়েছে। তিনি বেআইনিভাবে সেইসব সুবিধা ভোগ করছেন। এরজন্য শশীকলা জেল আধিকারিকদের ২ কোটি টাকা ঘুষও দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। এমনকী যাঁকে উদ্দেশ্য় করে এই চিঠি সেই ডিজি, কারাও সুবিধাভোগী বলে অভিযোগ করেছেন তিনি। অবশ্য এরপরই তাঁকে কারা বিভাগ থেকে সরিয়ে ট্রাফিক বিভাগে পাঠিয়ে দেওয়া হয়।












Click it and Unblock the Notifications