দল সাম্প্রদায়িক রাজনীতিতে লিপ্ত! প্রভাবশালী বিজেপি সাংসদের মন্তব্যে জল্পনা
বিরোধীরা বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতিতে লিপ্ত থাকার অভিযোগ করে আসছেন বছরের পর বছর ধরে। তারপরেও গত সাড়ে নয় বছর কেন্দ্রের ক্ষমতায় বিজেপির নেতৃত্বাধীন সরকার। এবার বিজেপি সাংসদ সেই একই অভিযোগ করলেন। বলা যেতে পারে দলের অভ্যন্তরে এই অভিযোগ উঠল।
কর্নাটকে এইচডি কুমারস্বামীর জনতা দল সেকুলার বিজেপির সঙ্গে জোট বেধে ২০২৪-এর নির্বাচনে লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। বিষয়টিকে কটাক্ষ করেছেন কর্নাটকের চিক্কাবাল্লাপুরের সাংসদ বিএন বাচে গৌড়া। তিনি বলেন, তিনি বিষ্মিত একটি ধর্মনিরপেক্ষ দল একটি সাম্প্রদায়িক দলের সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্ত নিয়েছে। তিনি বিষয়টি নিয়ে হতাশা প্রকাশও করেন।

রাজ্যে গত বিধানসভা নির্বাচনে বিজেপি কংগ্রেসের কাছে ক্ষমতা খুইয়েছে। তারপরেও রাজ্য দল সঠিকভাবে পরিচালনা হচ্ছে না বলে অভিযোগ করেছেন চিক্কাবাল্লাপুরের সাংসদ বিএন বাচে গৌড়া। তিনি উল্লেখ করেছেন, রাজ্য কংগ্রেসের বিরুদ্ধে শক্তিশালী জোট গড়ে তুলতে চেষ্টা চালাচ্ছে জনতাদল সেকুলার। বিজেপিরে সঙ্গে জোট করে আসনের ভাগ নিতে চায় তারা।
চিক্কাবাল্লাপুরের সাংসদ বিএন বাচে গৌড়া রাজ্যে দলের সভাপতি ও বিরোধী দলের নেতা নিয়োগে বিজেপির সিদ্ধান্তহীনতার পিছনে এই জোটকে দায়ী করেছেন। এই মুহূর্তে বিএন বাচে গৌড়া দলের পক্ষে কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। চিক্কাবাল্লাপুরের সাংসদ বিএন বাচে গৌড়া রাজ্য বিজেপির অন্যতম সিনিয়র নেতা হিসেবেই পরিচিত।
এদিকে কোডাগু-মহীশূর লোকসভার বিজেপি সদস্য প্রতাপ সিমহা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেরলে কংগ্রেসের ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ এবং মহারাষ্ট্রে শিবসেনার মতো দলের সঙ্গে জোটের বিষয়টি তুলে ধরেছেন। তাঁর প্রশ্ন কে বলেছে বিজেপি সাম্প্রদায়িক। তিনি আরও বলেছেন চরম হিন্দুত্ববাদী বলা শিবসেনার সঙ্গে কংগ্রেস এখন জোট করেছে।
এদিকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দলের নেতা বিএস ইয়েদুরিয়াপ্পা জানিয়েছেন ২০২৪-এর লোকসভা নির্বাচনের লক্ষে বিজেপি ও জেডিএস খুব শীঘ্রই জোট গঠন করতে চলেছে। অমিত শাহ জেডিএসের জন্য চারটি আসন নির্ধারণ করেছেন।
উল্লেখ করা প্রয়োজন জেডিএস এর আগে ২০০৬ সালের ফেব্রুয়ারিতে বিজেপির সঙ্গে জোট গঠন করেছিল। কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী কুমারস্বামী ২০ মাস ক্ষমতায় থাকার পরে জোট থেকে বেরিয়ে যান।












Click it and Unblock the Notifications