Karnataka Bandh: বিক্ষোভে উত্তাল কর্নাটক, কমপক্ষে ৫০ জন আটক, বেঙ্গালুরুর বিমান পরিষেবা ব্যাহত
সকাল থেকেই কর্নাটকে বনধে অশান্তির আঁচ। একাধিক জায়গায় বনধ সমর্থনকারীদের বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই ৫০ জন বনধ সমর্থনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাত থেকে বেঙ্গালুরু শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
কোনও ভাবে জোর করে বনধ করানো যাবে না বলে সতর্ক করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। জোর করে বনধ করানো হলে কড়া পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী। কাবেরী নদীর জল তামিলনাড়ুকে দেওয়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে কর্নাটক।

রেল লাইনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বনধ সমর্থকরা। তার জেরে বন্ধ হয়ে গিয়েছে রেল পরিষেবা। কর্নাটকের বিভিন্ন জায়গায় যাওয়ার একাধিক ট্রেন থমকে গিয়েছে মাঝপথে। বেঙ্গালুরু শহরে অ্যাপ ক্যাব পরিষেবাও বন্ধ রয়েছে। এমনকী বিমান ওঠানামাও ব্যাহত হয়েছে বনধের জেরে।
সকাল থেকেই বেঙ্গালুরু সহ কর্নাটকের একাধিক গুরুত্বপূর্ণ শহরের রাস্তায় নেেম বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা। রাস্তায় রাস্তায় মিছিল করছেন বিক্ষোভকারীরা। একাধিক জায়গায় পুলিশ পাহারা বাড়ানো হয়েছে। অ্যাপক্যাব পরিষেবাও বন্ধ থাকার কারণে নাজেহাল দশা হয়েছে সাধারণ বাসিন্দাদের। একাধিক দরকারি কাজে তাঁরা যেতে পারছেন না।
পরিস্থিতি অশান্তপূর্ণ হয়ে উঠতে পারে আশঙ্কা করে আগে থেকেই রাজ্যের সব স্কুল-কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। বনধের জেরে বেঙ্গালুরুর ৪৪টি বিমান বাতিল করা হয়েছে। কাবেরী নদীর জল তামিলনাড়ুকে দেওয়ার প্রতিবাদে নদীতে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারীরা। বেঙ্গালুরু শহরে একাধিক রাস্তায় অবরোধ করে শুয়ে বসে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারীরা। বেঙ্গালুরু শহর ছাড়াও একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।












Click it and Unblock the Notifications