কংগ্রেসকে পাবলিক তামাশায় পরিণত কোরো না! সচিন পাইলটকে নরমে গরমে বার্তা কপিল সিব্বলের
করোনা মহামারীর সঙ্গে রাজস্থানের রাজনৈতিক দোলাচলের তুলনা করে এর আগেও বিজেপির বিরুদ্ধে নিন্দায় সরব হয়েছিলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা কপিল সিব্বল। তবে বিজেপিকে তোপ দাগলেও এখনও সচিন পাইলটকে বাগে আনতে পারছে না কংগ্রেস। নরমে গরমে কোনও ভাবেই শান্ত করা যাচ্ছে না সচিনকে। এই আবহেই রাজস্থান হাইকোর্টে বড় জয় পেয়েছেন পাইলট।

পাইলট কী মুখ্যমন্ত্রী হতে চান?
অবশ্য হাইকোর্টের বল আগেই সুপ্রিমকোর্টে গড়িয়েছে। আর এখন সেই মামলা সুপ্রিমকোর্টে আরও তীব্রতা ধারণ করবে। সেই মামলায় কংগ্রেসের পক্ষে লড়ছেন কপিল সিব্বল। তাই ফের একবার রাজস্থানের বর্তমান পরিস্থিতির বিষয়ে মুখ খুললেন তিনি। আর এবার তাঁর নিশানায় বন্ধু সচিন পাইলট। এদিন তিনি সচিনকে তোপ দেগে বলেন, 'আমি সচিনকে সরাসরি প্রশ্ন করতে চাই, তুমি কি মুখ্যমন্ত্রী হতে চাও?'

পাইলটকে সিব্বলের তোপ
সচিনকে কপিল তোপ দেগে বলেন, 'আপনি বলছেন যে বিজেপিতে যোগ দেবেন না। তাহলে আমার প্রশ্ন, আপনি হরিয়ানাতে গিয়ে বসে আছেন কেন? কংগ্রেসের কোনও বৈঠকে যোগ দিচ্ছেন না কেন? তুমি কি নিজের আলাদা দল গড়তে চাও? যেটাই হোক হোটেলে বসে না থেকে বাইরে এসে কথা বলুন!'

কংগ্রেসকে পাল্টা তোপ টিম পাইলটের
এদিকে সচিনের বিদ্রোহ প্রসঙ্গে রোহতাগি বলেন, 'কোনও মুখ্যমন্ত্রীর অপসারণের দাবি জানানোর অর্থ কখনই এটা হতে পারে না যে অপরজন দল ছাড়তে চাইছেন বা দল বিরোধী। সচিন নিজেই বলেছেন যে তিনি বিজেপিতে যাচ্ছেন না। তবে তিনি তাঁর মতামত জানাতে পিছপা হবেন না। সচিন কংগ্রেসেই থাকতে চান। তবে তিনি চান যে অশোক গেহলটকে সরানো হোক। এটা কোন দিক দিয়ে দলবিরোধী?'

রাজস্থান আদালতে জয় পাইলটের
প্রসঙ্গত, এদিন সকালেই কংগ্রেসের বিরুদ্ধে সচিন পাইলটের দায়ের করা মামলায় স্থিতাবস্থা জারির নির্দেশ দেয় রাজস্থান হাইকোর্ট। এই মামলায় কেন্দ্রকেও পক্ষ হতে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। অ্যাডিশনাল সলিসিটার জেনেরাল কেন্দ্রের হয়ে আদালতে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন রাজস্থান বিধানসভার অধ্যক্ষ সি পি জোশির আইনজীবী প্রতীক কাশিলাল।

রাজস্থানের রাজনৈতিক নাটক
সম্প্রতি সচিন পাইলট ও ১৮ জন কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে নোটিস পাঠিয়েছিলেন রাজস্থান বিধানসভার স্পিকার। সেই নোটিসের বিরোধিতা করে রাজস্থান হাইকোর্টে যান প্রাক্তন সচিন পাইলট ও ১৮ জন বিধায়ক। এরপরই সুপ্রিম কোর্টে যান অধ্যক্ষ। তাঁর বক্তব্য, বিধানসভার বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না হাইকোর্ট। গতকাল তাঁর আর্জি খারিজ করে দেয় শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়, সিদ্ধান্ত জানাতে পারবে রাজস্থান হাইকোর্ট। সেই মতো আজ সকালে শুনানি শুরু হয়।












Click it and Unblock the Notifications