রাহুল গান্ধীর দেওয়া 'মুখ্যমন্ত্রিত্ব'-এর টোপের জবাব 'ব্যাকবেঞ্চার' জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার
'যখন আমি কংগ্রেসে ছিলাম, তখন যদি রাহুল আমায় নিয়ে এতটা উদ্বিগ্ন হতেন, তাহলে ব্যাপারটা অন্যরকম হত।' ২৪ ঘণ্টার মধ্যেই কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা একসময়ের ঘনিষ্ঠ বন্ধুকে জবাব দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। উল্লেখ্য, রবিবার রাহুল গান্ধী বলেছিলেন, 'যদি তিনি (জ্যোতিরাদিত্য সিন্ধিয়া) কংগ্রেসে থাকতেন, মুখ্যমন্ত্রী হতে পারতেন।' এর জবাবেই রাহুলকে পাল্টা কটাক্ষ করেন সিন্ধিয়া।

কংগ্রেসে থাকলে মুখ্যমন্ত্রী হতেন সিন্ধিয়া
জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে নিয়ে আগের দিনই রাহুল বলেন, 'যদি তিনি (জ্যোতিরাদিত্য সিন্ধিয়া) কংগ্রেসে থাকতেন, মুখ্যমন্ত্রী হতে পারতেন। এখন বিজেপিতে গিয়ে ব্যাকবেঞ্চার হয়ে গেছেন। কংগ্রেসের কর্মী সমর্থকদের সঙ্গে কাজ করে দলকে ভাল জায়গায় নিয়ে যেতে পারতেন সিন্ধিয়া। আমিও বলেছিলাম, আপনি একদিন মুখ্যমন্ত্রী হবেন। কিন্তু উনি অন্য রাস্তা বেছে নিলেন।'

বিজেপিতে থেকে কোনওদিন মুখ্যমন্ত্রী হতে পারবেন না সিন্ধিয়া
রাহুল আরও দাবি করেন, 'বিজেপিতে থেকে কোনওদিন মুখ্যমন্ত্রী হতে পারবেন না উনি। তার জন্য এখানেই ফিরে আসতে হবে।' উল্লেখ্য, ১৮ বছর ধরে কংগ্রেসে ছিলেন জ্যোতিরাদিত্য৷ রাহুল ঘনিষ্ট বলে পরিচিত ছিলেন রাজনৈতিক মহলে৷ দলের একাধিক গুরু দায়িত্বও সামলেছিলেন৷ তাঁকে রাহুল ব্রিগেডের 'সেকেন্ড ম্য়ান' মনে করা হত৷

সরকার উল্টে দেন সিন্ধিয়া
এর আগে ২০১৮ সালে মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয়ী হওয়ার পর মুখ্যমন্ত্রী পদের দাবিদার তিনিও ছিলেন৷ কিন্তু মুখ্যমন্ত্রী করা হয় কমল নাথকে৷ হয়তো সেই থেকেই দলের সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করে৷ এরপর জোর জল্পনা ছিল যে রাজ্যসভায় মধ্যপ্রদেশ থেকে কংগ্রেসের প্রথম পছন্দ হবেন তিনি৷ কিন্তু সেখানেও ধাক্কা৷ তাঁর পরিবর্তে দলের প্রবীণ নেতা দিগ্বিজয় সিংয়ের নাম উঠে আসে৷ আর সেই সুযোগটাই নেয় বিজেপি৷

২২ জন কংগ্রেস বিধায়ক সিন্ধিয়ার সঙ্গে কংগ্রেস ছাড়েন
২০২০ সালের ১০ মার্চ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর রাজনৈতিক মহলে সিন্ধিয়া-ঘনিষ্ঠ বলে পরিচিত আরও ২২ জন কংগ্রেস বিধায়ক গত সপ্তাহে ইস্তফাপত্র জমা দেন৷ তারপর মধ্যপ্রদেশের বিজেপি শিবির কমল নাথ সরকারের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রশ্ন তোলে৷ এরপরই আস্থা ভোটে হেরে পদত্যাগ করতে বাধ্য হন কমল নাথ। চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন শিবরাজ সিং চৌহান।












Click it and Unblock the Notifications