Junior Doctors’ Hunger Strike: জুনিয়র ডাক্তারদের পাশে দিল্লি এইমস, অনশনে সংহতি জানাতে মোমবাতি মিছিলের ডাক
Junior Doctors' Hunger Strike: বিচারহীন কাটছে একের পর এক দিন। প্রায় ২ মাস হতে চলল। আরজি করের চিকিৎসক ধর্ষণ ও খুনের (RG Kar rape and murder case) বিচার ও কর্মস্থলে সুরক্ষার দাবিতে লাগাতার আন্দোলনে জুনিয়র চিকিৎসকরা। দাবি পূরণে ব্যর্থ রাজ্য। শনিবার থেকে ধর্মতলায় আমরণ অনশনে (Hunger Strike) চিকিৎসকদের। এবার বাংলার জুনিয়র চিকিৎসকদের সমর্থনে এগিয়ে এলেন দিল্লি এইমসের চিকিৎসকরাও (Delhi AIIMS doctors)।
ধর্মতলায় রিলে করে চলছে জুনিয়র ডাক্তারদের (Junior Doctors) অনশন। প্রতিবাদে সংহতি জানাতে এবার মোমবাতি মিছিলের (Candlelight March) ডাক দিল্লি এইমসের রেসিডেন্ট চিকিৎসকদের। বুধবার মহাষষ্ঠীর সন্ধেয় দিল্লির (Delhi) জওহরলাল নেহেরু অডিটোরিয়ামে মোমবাতি মিছিল করবেন তাঁরা। ৯ অগাস্টের সেই বিভীষিকার রাতের ২মাস হবে সেদিন। চলতি সপ্তাহেই অনশনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে যোগ দেবেন বলেও জানান দিল্লি এইমসের চিকিৎসকরা।

আরজি কর হাসপাতালই ছিল কর্মস্থল (RG Kar Hospital)। আর সেই হাসপাতালেই নারকীয় ঘটনা ঘটে মহিলা চিকিৎসকের সঙ্গে (RG Kar case)। কর্মস্থলে নিরাপত্তার দাবিতে কর্মবিরতি (Doctors Strike) শুরু করেন চিকিৎসকরা। জরুরি পরিষেবা জারি রেখে ও আউটডোর বন্ধ রেখে চলে প্রতিবাদ। রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশে-বিদেশেও হয় কর্মবিরতি। অভয়া খুনের বিচার চেয়ে দিল্লি এইমসেও ১১ দিন ধরে চলে কর্মবিরতি।
দিল্লি এইমসের এক চিকিৎসক এদিন জানান, "রোগীদের চিকিৎসা করা আমাদের কর্তব্য। তাই পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা অসম্ভব। কিন্তু প্রায় ৫০ দিন ধরে বাংলার জুনিয়র চিকিৎসকদের হার না মানা লড়াই দেখেছে গোটা দেশ। প্রথম দিন থেকে বিচার ও নিরাপত্তার দাবি করে আসছেন তাঁরা। তাদের পাশে দাঁড়াতেই মোমবাতি মিছিলের ডাক দেওয়া হয়।"
একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা এইমসের চিকিৎসকদের। "তদন্ত প্রক্রিয়ার উপর প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের দাবিদাওয়া না শুনে শুধুই মূল বিষয় থেকে নজর ঘোরানোর চেষ্টা করছেন উনি। গুটিকয়েক আধিকারিককে বদলি করে বাস্তবের সমস্যার সমাধান হবে না। চিকিৎসকদের সুরক্ষা নিয়ে কবে ভাববে সরকার?" প্রশ্ন এইমসের চিকিৎসকের।
থ্রেট কালচারের বিরুদ্ধেও সরব এইমসের চিকিৎসকরা। থ্রেট কালচার সমূলে উৎপাটন করার এটাই উপযুক্ত সময় বলে দাবি তাঁদের। শুধু কলকাতায় নয়, ভারতের কোনায় কোনায় সমাজের সব স্তরে শাসানি সংস্কৃতির অবসান চান এইমসের চিকিৎসকরা। মোমবাতি মিছিলের পাশাপাশি মৌন মিছিলেরও ডাক দেন তাঁরা।
এদিকে সোমবার ধর্মতলায় অনশন মঞ্চ থেকেই একগুচ্ছ কর্মসূচির ঘোষণা জুনিয়র ডক্টরস ফ্রন্টের। মঙ্গলবার সকাল ৯টা থেকে ১২ ঘণ্টার প্রতীকী অনশনের ডাক দিয়েছেন তাঁরা। রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজের জুনিয়র ওৃ সিনিয়র চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা যোগ দেবেন এই অনশনে। পাশাপাশি বিকেল সাড়ে ৪টেয় মহামিছিলের ডাক দেওয়া হয়েছে কলেজ স্কোয়ার থেকে অনশন মঞ্চ পর্যন্ত।












Click it and Unblock the Notifications