অমিত শাহের উত্তরসূরি হিসাবে বিজেপি-র সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা আজ
২০১৯ সালে বিজেপি ফের সরকারে আসার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন অমিত শাহ। আর এরপরেই দলের দায়িত্ব সামলানোর জন্যে কার্যকরী সভাপতির দায়িত্বে বসানো হয়েছিল জেপি নাড্ডাকে। এবার আনুষ্ঠানিকভাবে দলের সর্বভারতীয় সভাপতির দায়িত্বে বসতে চলেছেন জগৎ প্রকাশ নাড্ডা। শেষ মুহূর্তে কোনও বিশাল রদ বদল না ঘটলে অমিত শাহের উত্তরসূরি হিসাবে নাড্ডার নাম ঘোষণা হতে পারে আজই, অর্থাৎ সোমবার।

কখন মনোনয়ন জমা দেবেন নাড্ডা?
বিজেপি সভাপতি পদের জন্যে আজ সকাল সাড়ে দশটা নাগাদ মনোনয়নপত্র জমা দেবেন নাড্ডা। সব ঠিক থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কথা তাঁর। বিজেপি-র কেন্দ্রীয় সদর দফতরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। উপস্থিত থাকতে পারেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ। দলীয় সূত্রে খবর, নাড্ডার নাম প্রস্তাব করেছেন দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ও সংসদীয় দলের সদস্যরা তথা অমিত শাহ, রাজনাথ সিং ও নীতিন গড়কড়ি।

সর্বভারতীয় সভাপতি পদে নির্বাচনের ঘোষণা
দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির প্রধান রাধামোহন এই সংক্রান্ত একটি বিবৃতি জারি করে বলেন, 'সফলভাবে বিজেপি এগিয়ে চলেছে। দেশে ৭৫ শতাংশ জায়গায় বুথ কমিটি গঠন হয়েছে, ৫০ শতাংশ জায়গায় মণ্ডল কমিটি গঠন হয়েছে এবং দলের নিয়ামানুযায়ী ২১টি রাজ্যে দলের সভাপতি নির্বাচনের পর আমি সর্বভারতীয় সভাপতি পদে নির্বাচনের ঘোষণা করছি।'

কখন শুরু হবে নির্বাচন প্রক্রিয়া?
বিজেপি-র সর্বভারতীয় সভাপতি পদের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মোসবার সকাল ১০টা থেকে সাড়ে ১২টা । এরপর সাড়ে ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত মনোনয়নগুলি খতিয়ে দেখার কাজ হবে। ১টা ৩০ মিনিট থেকে ২টো ৩০ মিনিট পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা।












Click it and Unblock the Notifications