Nadda Hits Back: মনমোহন সিংয়ের শেষকৃত্য নিয়ে নোংরা রাজনীতি কংগ্রেসের, নরসিমার কথা মনে করিয়ে দাবি বিজেপির
Nadda Hits Back: প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের শেষকৃত্য আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে দিল্লির নিগমবোধ ঘাটে। আর তা নিয়েই তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর।
রাহুল গান্ধী-সহ কংগ্রেস নেতৃত্বর অভিযোগ, প্রাক্তন প্রধানমন্ত্রীকে অসম্মান করেছে কেন্দ্রীয় সরকার। যার পাল্টা দিতে দেরি করেনি বিজেপি।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, এই ধরনের অভিযোগ কংগ্রেসের ঘৃণ্য মানসিকতার পরিচায়ক। কোনও রকমের নিন্দাই এর জন্য যথেষ্ট নয়। কংগ্রেস গোটা বিষয় নিয়ে সস্তা রাজনীতি করছে। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধের জায়গাও নির্দিষ্ট করে কেন্দ্র তা তাঁর পরিবারকে জানিয়েছে।
নাড্ডা আরও বলেন,গান্ধী পরিবার কোনও দেশনেতাকেই সম্মান দেয়নি, ন্যায়বিচার প্রদান করেনি। তাঁদের অনেকে কংগ্রেসেরই। নীতিহীন কংগ্রেসের এই ঐতিহাসিক অপরাধ দেশ ভুলবে না, ক্ষমাও করবে না।
বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের মৃত্যুর পর সোনিয়া গান্ধীর নির্দেশে দেহ দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে ঢুকতে দেওয়া হয়নি। রাজধানীতে নরসিমা রাওয়ের শেষকৃত্যও করতে দেয়নি কংগ্রেস। তা হয়েছিল হায়দরাবাদে। কিছু সংবাদমাধ্যমে খবর বেরিয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহের পাশ দিয়ে কুকুর ঘুরছে। এটাই কংগ্রেসের ঔদ্ধত্য।
বিতর্কের সূত্রপাত কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর টুইট ঘিরে। তিনি লিখেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীদের প্রতি সম্মান জানাতে তাঁদের শেষকৃত্য এমন জায়গায় হয়েছে যেথানে সকলে উপস্থিত থাকতে পারেন। শেষ শ্রদ্ধা জানাতে কোনও অসুবিধা না হয়। ড. মনমোহন সিংয়ের সেই সম্মান প্রাপ্য ছিল। কেন্দ্রীয় সরকারের উচিত ছিল তাঁকে ও তাঁর সম্প্রদায়কে যথাযোগ্য সম্মান ও মর্যাদা প্রদর্শন করা।
কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য পবন খেরা একাধিক অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ, দূরদর্শন ছাড়া কোনও নিউজ এজেন্সিকে শেষকৃত্য কভারের অনুমতি দেওয়া হয়নি। ডিডি ড. মনমোহন সিংয়ের পরিবারের সদস্যদের গুরুত্ব না দিয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহদের ফোকাস করেছে।
খেরার অভিযোগ, সামনের সারিতে মাত্র তিনটি চেয়ার বরাদ্দ ছিল প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের জন্য। কংগ্রেসের নেতাদের বেগ পেতে হয়েছে ড. মনমোহন সিংয়ের কন্যা ও অন্যদের বসার বন্দোবস্ত করতে। গার্ড অব অনারের সময় যখন ড. সিংয়ের স্ত্রীর হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হচ্ছিল তখন প্রধানমন্ত্রী ও অন্য মন্ত্রীরা উঠে দাঁড়াননি।
অমিত শাহের কনভয়ের জন্য ড. সিংয়ের পরিবারের গাড়িগুলিকে বাইরে দাঁড় করিয়ে রাখা হয় বলেও অভিযোগ। পরিবারের সদস্যদের পিছনের দরজা দিয়ে ঢুকতে হয়েছে। তাঁদের জন্য পর্যাপ্ত জায়গা না রাখা, সাধারণ মানুষকে ঢুকতে না দেওয়ার মতো অভিযোগ তুলেছে কংগ্রেস। সবমিলিয়ে কেন্দ্রীয় সরকার শেষকৃত্যের বন্দোবস্ত যথাযথভাবে করেনি বলেই সরব কংগ্রেস।












Click it and Unblock the Notifications