ফের যাত্রা শুরু ২৮ অগাস্ট, সিদ্ধান্ত মহা পঞ্চায়েতের! নুহ জেলা বাতিল ও অস্ত্র দেওয়ার দাবি
শোভাযাত্রা আবার ২৮ অগাস্ট শুরু করা হবে এবং গন্তব্যে শেষ করা হবে। রবিবার হিন্দু দলগুলিক ডাকা মহাপঞ্চায়েত এই সিদ্ধান্তের সঙ্গে শেষ করা হয়েছে। উল্লেখ করা যেতে পারে ৩১ জুলাই ভিএইচপির ব্রজ মণ্ডল যাত্রায় এলাকায় সাম্প্রদায়িক হিংসা শুরু হয়। তারপর থেকে সেই যাত্রা বন্ধই রয়েছে।
এদিকে নুহ-এর হিংসার তদন্তভার এনআইএ-র হাতে তুলে দেওয়ার দাবি করেছে হিন্দু সংগঠনগুলি। তারা বলছে রাজ্য পুলিশ এব্যাপারে তদন্ত করতে সক্ষম নয়। এছাড়াও মহা পঞ্চায়েতের দাবিগুলির মধ্যে রয়েছে, নুহ এলাকায় বসবাসকারী হিন্দুদের বন্দুকের লাইসেন্স দেওয়ার নিয়ম শিথিল করা। কেউ বন্দুকের লাইসেন্সের আবেদন করলে, তা দেওয়ারও দাবি করা হয়েছে।

নুহ জেলা সদর দফতর উঠিয়ে দিয়ে এটিকে পাশের জেলাগুলির সঙ্গে সংযুক্ত করার ডাক দেওয়া হয়েছে মহাপঞ্চায়েতে। নুহ-এ নিহতের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি তোলা হয়েছে। আহতদের ৫০ লক্ষ টাকা করে দেওয়ার দাবি করা হয়েছে। পাশাপাশি হিন্দু মহাপঞ্চায়েতের তরফে দাবি করা হয়েছে, বিভিন্ন এলাকায় হিংসা শুরু হওয়ার পরে গ্রেফতার সব নিরাপরাধ মানুষকে দ্রুত মুক্তি দিতে হবে।
৫১ জনের মহা পঞ্চায়েতের সিদ্ধান্ত নুহ এলাকাকে গোহত্যা মুক্ত করতে হবে। কারণ তাদের দাবি এলাকার যত গণ্ডগোল গরুর চোরাচালানকে কেন্দ্র করে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে আধাসামরিক বাহিনীর সদর দফতর স্থাপনের দাবি করা হয়েছে। সেখানে এক বক্তাকে বলতে শোনা গিয়েছে বিরুদ্ধ কেউ যদি একটি আঙুল তোলে, তাহলে তার হাত কেটে ফেলা হবে।
পাশাপাশি মহাপঞ্চায়েত সেখানে অন্য দেশ থেকে আগত লোকেদের জন্য আইন কঠোর করার দাবি তুলেছে। তাঁদের সেখান থেকে বের করে দেওয়ার দাবি তুলেছে কমিটি।












Click it and Unblock the Notifications