নির্দেশের পরেই প্রস্তুতি তুঙ্গে! জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার চার অফিসারের নেতৃত্বে টিম গঠন সিবিআইয়ের
ভোট পরবর্তী হিংসা মামলাতে বড়সড় ধাক্কা রাজ্যের। ধর্ষণ, খুন সহ একাধিক ঘটনার ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। আর এই নির্দেশ পাওয়া মাত্র উচ্চপর্যায়ের বৈঠক করল কেন্দ্রীয় তদন্তকারী দল। ভোট পরবর্তী হিংসা মামলা
ভোট পরবর্তী হিংসা মামলাতে বড়সড় ধাক্কা রাজ্যের। ধর্ষণ, খুন সহ একাধিক ঘটনার ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। আর এই নির্দেশ পাওয়া মাত্র উচ্চপর্যায়ের বৈঠক করল কেন্দ্রীয় তদন্তকারী দল। ভোট পরবর্তী হিংসা মামলাতে ১২৪ পাতারর একটি নির্দেশ দিয়েছে পাঁচ সদস্যের বৃহত্তর বেঞ্চ।

আর সেই নির্দেশের কপি দিল্লিতে সিবিআই দফতরে পৌঁছতেই নড়েচড়ে বসেছেন আধিকারিক থেকে আইনজীবীরা। আদালতের নির্দেশ অনুযায়ী কীভাবে কাজ হবে সে বিষয়ে মূলত স্ট্রেটেজি ঠিক করতেই এই বৈঠক হয় বলে জানা যাচ্ছে।
আর এই বৈঠকের শেষেই কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী চারটি স্পেশাল টিম তৈরি করা হয়েছে। আর এই চারটি টিমের মধ্যে ২৫ থেকে ৩০ জনের একটা দল কাজ করবে। এমনটাই জানা যাচ্ছে। শুধু তাই নয়, প্রত্যেকটি টিমকে নেতৃত্ব দেবে জয়েন্ট ডিরেক্টর অফিসার পদমর্যাদার একজন করে অফিসার।
শুধু তাই নয়, প্রতি দলে থাকছেন তিনজন এসপি পদমর্যাদার অফিসার। থাকছেন ২ জন করে ডিআইজি পদমর্যাদার আধকারিকও। তবে তাৎপর্যপূর্ণ ভাবে এই টিমের একাধিক অফিসার আসবেন দিল্লি এবং দেরাদুন থেকে, এমনটাই খবর। কলকাতার কোনও সিবিআই আধিকারিককে এখনও পর্যন্ত এই টিমের মধ্যে রাখা হয়নি। তবে কেন রাখা হয়নি তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
তবে জানা যাচ্ছে, আগামী ২৪ ঘন্টার মধ্যেই কলকাতায় পৌঁছে যাবে স্পেশাল এই টিম। এরপর হাইকোর্টের নির্দেশ মতো রাজ্যের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে যাবেন তাঁরা। জানা বেশি গুরুত্বপূর্ণ ঘটনাগুলিকে আগে খতিয়ে দেখা হবে। প্রত্যেকটি ঘটনা শোনা হবে ক্ষতিগ্রস্থদের কাছ থেকে।
শুধু তাই নয়, সিবিআই আধিকারিকরা ঘটনাস্থলে যাবেন। পুরো ঘটনা সরজমিনে খতিয়ে দেখবেন। এরপর সেই রিপোর্ট নেতৃত্বে থাকা জয়েন্ট ডিরেক্টরকে পাঠাবেন। ঘটনার গুরুত্ব বিচার করে সেই রিপোর্ট দিল্লিতে পাঠানো হবে। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা যাচ্ছে।
তবে যার বিরুদ্ধে অভিযোগ সেই অভিযুক্তের বক্তব্য শোনা এবং পুরোটা রেকর্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। এভাবেই বাংলাতে ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্ত করবে সিবিআই।
উল্লেখ্য, হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের আদেশে বলা হয়েছে, ভোট পরবর্তী হিংসার অভিযোগে খুন, ধর্ষণ, অস্বাভাবিক মৃত্যুর মতো মামলার ক্ষেত্রে সিবিআই তদন্ত করবে। তবে সেই সিবিআই তদন্ত চলবে হাইকোর্টের নজরদারিতে।
প্রসঙ্গত জাতীয় মানবাধিকার কমিশনের তরফে এই ধরনের ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ করা হয়েছিল। বৃহত্তর বেঞ্চের তরফে বলা হয়েছে, এখনও পর্যন্ত রাজ্য পুলিশের সামনে ভোট পরবর্তী হিংসা নিয়ে যেসব মামলা রয়েছে, তা সিবিআই তদন্তভার নিলেই তা তাদের হাতে তুলে দিতে হবে। আর এই নির্দেশের পরেই সিবিআইয়ের তরফে প্রস্তুতি তুঙ্গে।












Click it and Unblock the Notifications