চাকরি, চাকরি এবং আরও বেশি চাকরির দাবিই উত্তরপ্রদেশের রাজনীতির গতি নির্ধারণ করবে
চাকরি, চাকরি এবং আরও বেশি চাকরির দাবিই উত্তরপ্রদেশের রাজনীতির গতি নির্ধারণ করবে
জনসংখ্যায় ব্রাজিলের থেকেও বড় উত্তপ্রদেশ। দেশের সংসদীয় ব্যবস্থায় সবচেয়ে বেশি সাংসদ পার্লামেন্টে পাঠিয়ে থাকে এই রাজ্য৷ তাই দেশে একইসঙ্গে পাঁচটি রাজ্যে ভোট ঘোষণা হলেও উত্তরপ্রদেশের দিকে তাকিয়ে রয়েছে শাসক, বিরোধী সব দলই৷ কিন্তু চলতি বিধানসভা নির্বাচন ও তার পরবর্তী সময়ে উত্তরপ্রদেশ রাজনীতির চালিকা শক্তি হতে চলেছে কোন জিনিসটি? রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে উত্তরপ্রদেশের জনসংখ্যার বড় অংশ হল যুব সম্প্রদায়৷ এবং এই যুব সম্প্রদায়ের চাকরি, রোজগারই এখন ও আগামী সময়ে বড় ইস্যু হতে চলেছে উত্তরপ্রদেশের রাজনীতিতে৷

সম্প্রতি উত্তরপ্রদেশের প্রতিবেশী রাজ্য বিহারে দেশের সবচেয়ে বড় বেরোজগার হিংসা দেখেছে দেশ৷ বেকারত্ব ও সময় মতো রেল সহ একাধিক কেন্দ্রীয় ও রাজ্য সরকারি পরীক্ষায় নিয়োগ নস হওয়ার কারণে ক্ষুব্ধ বিহারের যুব সমাজ রাস্তায় নেমে রেল ভাঙচুরের মতো ঘটনাও ঘটিয়েছে৷ সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুসারে রেলে ৩৫ হাজার নীচুতলার কর্মী নিয়োগের ক্ষেত্রে ১২ মিলিয়ন আবেদনপত্র জমা পড়েছে উত্তরপ্রদেশ বিহার থেকেই৷ পরপর তিনটি করোনা ওয়েভ ও সরকারের দৃষ্টিভঙ্গির কারণে বহু বছর ধরে সরকারি সেক্টরে নিয়োগ কম হচ্ছে৷ কিছু সরকারি ক্ষেত্রে তো নিয়োগ বন্ধ রয়েছে রীতিমতো৷ একই সঙ্গে করোনাকালীন লকডাউনে বেসরকারি সেক্টর থেকেও কাজ হারিয়েছেন প্রচুর মানুষ৷ এই সব বিষয়গুলিই ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে উত্তরপ্রদেশ নির্বাচনে৷
শেষ পাঁচবছর ধরে উত্তরপ্রদেশে যোগী ও কেন্দ্রী মোদী সরকার রয়েছে৷ দু'জনকেই দুরকম আইকন হিসাবে তুলে ধরতে চেয়েছে বিজেপি৷ এই কাজে অনেকাংশে সফলও গেরুয়া শিবির। উত্তরপ্রদেশের সড়ক তৈরি, পরিকাঠামোগত উন্নয়ন করে বেশ কিছু বিদেশী কোম্পানিকে রাজ্যে নিয়ে আসতে পেরেছে যোগী সরকার৷ তারা প্রতিশ্রুতি দিয়েছে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরলে ৬টি নতুন মেট্রো, ৫টি নতুন হাইওয়ে, দুটি নতুন আর্ন্তজাতিক বিমানবন্দর এবং ২৫টি বাসস্ট্যান্ড নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে যোগীর দল। কিন্তু এত সবের পরও উত্তরপ্রদেশে নির্বাচন কিংবা রাজনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে দেখা যাচ্ছে চাকরির বিষয়টিকে৷ আগামীদিনে যে দল কাজের সুযোগ তৈরি করতে পারবে ইউপিতে তারাই ক্ষমতার কাছে থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷












Click it and Unblock the Notifications