JNUSU Polls: বাম দূর্গে চিড় ধরাল এবিভিপি! জেএনইউ-তে ছাত্র সংসদ নির্বাচনে ঐতিহাসিক ফল RSS-র ছাত্র সংগঠনের
JNUSU polls: দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ওরফে জেএনইউয়ের ছাত্র সংসদ নির্বাচনে এবিভিপির জয়জয়কার। বাম গড় হিসেবেই পরিচিত জেএনইউ। আর সেখানেই কাউন্সিলর নির্বাচনে বাজিমাত RSS-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। যদিও কেন্দ্রীয় প্যানেলের শীর্ষ পদগুলির চারটির মধ্যে তিনটিতেই নিজেদের আসন ধরে রেখেছে বামেরা।
গত ২৫ এপ্রিল ছাত্র সংসদ নির্বাচন হয় জেএনইউ-তে। রবিবার সন্ধে গড়িয়ে যায় ফলাফল স্পষ্ট হতে। কেন্দ্রীয় প্যানেলের তিন শীর্ষ পদ সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ গিয়েছে বামেদের হাতে। অন্যদিকে যুগ্ম সম্পাদকের পদে দীর্ঘ ৯ বছরের খরা কাটাল এবিভিপি। বাকি আসনগুলিতেও বামেদের ঘাড়ের কাছে গিয়ে নিঃশ্বাস ফেলেছে এবিভিপি। এবারের নির্বাচনে একাই লড়েছে এবিভিপি। দুটি ভাগে ভাগ হয়ে আলাদা আলাদা জোট করে লড়েছে বামেরা।

ছাত্র সংসদের সভাপতি হিসেবে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ওরফে AISA ও ডেমোক্রেটিক স্টুডেন্টস ফেডারেশন ওরফে DSF সমর্থিত প্রার্থী নীতিশ কুমার ১৫৭৭ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রধান প্রতিপক্ষ এবিভিপির শিখা স্বরাজ পান ১৩৭৫টি ভোট। সহ সভাপতি পদে এবিভিপির নিতু গৌতম প্রথমে এগিয়ে থাকলেও পরে তাঁকে পরাজিত করেন AISF-DSF সমর্থিত প্রার্থী মনীষা জয়ী হন। সাধারণ সম্পাদক পদেও AISF-DSF সমর্থিত প্রার্থী মুন্তেহা ফতিমা এবিভিপির কুণাল রাই-কে হারিয়ে জয়ী হন।
একমাত্র যুগ্ম সম্পাদকের আসনটি ছিনিয়ে নেয় এবিভিপি। সংগঠনের বৈভব মীনা পরাজিত করেন AISF-DSF সমর্থিত প্রার্থী নরেশ কুমারকে। ২০১৫-১৬ সালের নির্বাচনে ওই একই পদে এবিভিপির সৌরভ শর্মা জয়ী হয়েছিলেন। তারপর থেকে দীর্ঘ ৯ বছরের খরা কাটিয়ে এবারের নির্বাচনে জয়ী হলেন বৈভব মীনা। তবে সভাপতি পদে শেষবার এবিভিপি জয়ী হয়েছিল সেই ২০০০-২০০১ সালে। এবিভিপির সন্দীব মহাপাত্র জয়ী হয়েছিলেন সেবারে।
এদিকে জেএনইউয়ের কাউন্সিলর নির্বাচনে ৪২টি আসনের মধ্যে ২৩টিতেই জিতে ইতিহাস গড়েছে এবিভিপি। স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, স্কুল অফ সোশ্যাল সায়েন্সেস ও আন্তর্জাতিক বিদ্যা, সংস্কৃত ও ইন্ডিক স্টাডিজে এবিভিপির জয়জয়কার। ১৯৯৯ সালের পর এটাই এবিভিপির সেরা জয়।
বিবৃতি জারি করে তারা জানায়, "জেএনইউ-তে এই জয় এবিভিপির কঠোর পরিশ্রম ও ছাত্রদের আস্থার প্রমাণ। জাতীয়তাবাদের ধারণা ফুটে উঠেছে। বামেদের চিরাচরিত আধিপত্য মুছে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবিভিপি।" যুগ্ম সম্পাদক পদে জিতে বৈভব মীনা বলেন, "এই জয় আমার একার নয়। আদিবাসীদের জয় ও রাষ্ট্রবাদের জয়। বহু বছর ধরে যার গলা টিপে ধরে রেখেছিল বামেরা।" প্রসঙ্গত, গত ২৫ এপ্রিলের ভোটে ৭ হাজার ৯০৬ জন পড়ুয়াদের মধ্যে ৫ হাজার ৫০০ জন পড়ুয়া ভোটদান করেন।












Click it and Unblock the Notifications