চিকিৎসকের ধর্মঘট ফের শুরু হতে পারে! NRS কাণ্ডের পর হাওয়া কোনদিকে
টানা ৬ দিনের বিদ্রোহ আন্দোলন দেখেছে বাংলা। একদিকে, অনড় মুখ্যমন্ত্রী অন্যদিকে অনড় জুনিয়র ডাক্তাররা,.. টানা ৬ দিন ধরে কার্যত রাজ্যের একাধিক সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার বিপর্যয়ের ছবি আরও প্রকট হয়ে গিয়েছিল। সেই ৬ দিনের বেহাল অবস্থার অবসান হয় নবান্নে। আন্দোলনরত চিকিৎসক ও মুখ্যমন্ত্রীর বৈঠকের পর ,চিকিৎসকদের নিরাপত্তা বিষয়ক যাবতীয় দাবি মেনে নেন মুখ্যমন্ত্রী। এবার সেই বিদ্রোহ আন্দোলনের আঁচ গিয়ে পড়েছে বাংলার প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে।

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন চিকিৎসকরা
এবার ঝাড়খণ্ডের চিকিৎসকরা সেরাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর কাছে ' মেডিক্যাল প্রটেকশন অ্যাক্ট' লাগু করার দাবি জানিয়েছেন। এবিষয়ে চিকিৎসকদের একটি প্রতিনিধি দল সেরাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে গিয়ে দেখা করে। প্রসঙ্গত, এনআরএস-এর ঘটনার মতোই রিঞ্চি ট্রাস্ট হাসপাতালে রোগীর পরিবারের হাতে একইভাবে নিগৃহিত হতে হয় এক কর্তব্যরত চিকিৎসককে। যে ঘটনায় ফের ক্ষোভ জমাট বাঁধছে চিকিৎসকদের মধ্যে। আর সেই ঘটনাকে সামনে রেখেই চিকিৎসকদের প্রতিনিধি দল স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে গিয়ে দেখা করে নিরাপত্তার দাবি জানায়। নিরাপত্তা না পেলে ফের চিকিৎসকরা ধর্মঘটের পথে হাঁটবেন বলে জানিয়ে দিয়েছেন ঝাড়খণ্ডের চিকিৎসকরা।

ঘটনার সূত্রপাত
ঘটনার সূত্রপাত শুক্রবার। রিঞ্চি ট্রাস্ট হাসপাতালে ২১ বছরের এক যুবককে ভর্তি করা হয়। জলে ডুবে যাওয়া ওই যুবকের চিকিৎসার জন্য হাসপাতালে তাঁকে নিয়ে আসেন রোগীর পরিবারের লোকজন। কিন্তু যুবককে দেখেই চিকিৎসকরা জানিয়ে দেন, যুবক মৃত। এরপরই শুরু হয় হাসপাতাল জুড়ে ভাঙচুর, চিকিৎসকদের ওপর চড়াও হয় রোগীর পরিবার।

ধর্মঘটের রাস্তা!
ঘটনার প্রতিবাদে মুখর হয়ে ওঠেন ঝাড়খণ্ডের চিকিৎসকরা। কালো ব্যাজ পরে চলে চিকিৎসার কাজ। প্রতিবাদে ফের সরব হন চিকিৎসকরা। এরপরই ঝাড়খণ্ডে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েসনের তরফে ধর্মঘটের রাস্তায় হাঁটার কথা জানান, যদি না ডাক্তারদের নিরাপত্তা রাজ্য সরকার সুনিশ্চিত করে। গোটা বিষয়টি আপাতত নির্ভর করছে ঝাড়খণ্ড সরকারের পদক্ষেপের ওপর।












Click it and Unblock the Notifications